সুশাসনের জন্য নাগরিক (সুজন) বলেছে, সদ্য শেষ হওয়া পৌর নির্বাচনকে সুষ্ঠু বলা যায় না। এই নির্বাচনে যেসব খারাপ দৃষ্টান্ত তৈরি হয়েছে, তা শোধরাতে না পারলে দেশের গোটা নির্বাচনব্যবস্থা ধ্বংস হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
‘পৌর নির্বাচন: কেমন মেয়র পেলাম’ শীর্ষক সংবাদ সম্মেলনে সুজন এসব কথা বলেছে। গতকাল সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এই সংবাদ সম্মেলন হয়।
সংবাদ সম্মেলনে পৌরসভা নির্বাচন নিয়ে সুজনের লিখিত প্রতিবেদনে বলা হয়েছে, এবারের নির্বাচনে ব্যবসায়ী ও উচ্চশিক্ষিত প্রার্থীরা বেশি জয়ী হয়েছেন। নির্বাচিত ব্যক্তিদের মধ্যে ৯৫ জন মেয়র স্নাতক বা স্নাতকোত্তর পাস। অন্তত ২৪ জনের বিরুদ্ধে হত্যা বা হত্যাচেষ্টার মামলা রয়েছে। ২০১১ সালের তুলনায় এবার ভালো প্রার্থীরা বেশি নির্বাচিত হয়েছেন। ২০১১ সালের মেয়রদের মধ্যে স্নাতক বা স্নাতকোত্তর পাসের হার ছিল ৩৬ দশমিক ৮৪ শতাংশ। এবার তা ৪০ দশমিক ৭৭ শতাংশ।
সংবাদ সম্মেলনে সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, ২০১১ সালে পৌর নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলেও দুর্ভাগ্যবশত এবারের পৌর নির্বাচন আগের নির্বাচনের ধারেকাছেও পৌঁছাতে পারেনি। এই নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ বলা দুরূহ। নির্বাচনে যেসব নেতিবাচক দিক দৃষ্টিগোচর হয়েছে, তা না শোধরালে ভবিষ্যতে গোটা নির্বাচনব্যবস্থা ধ্বংস হয়ে যেতে পারে।
সুজনের সভাপতি এম হাফিজউদ্দিন খান বলেন, দলভিত্তিক স্থানীয় সরকার নির্বাচনের ফল শুভ হয়নি। পৌর নির্বাচনে সেটিই দেখা গেছে। তাই স্থানীয় নির্বাচন দলভিত্তিক করার সিদ্ধান্ত যুক্তিযুক্ত হয়নি।