পৌর নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল হবে: সিইসি
‘পৌর নির্বাচনে কোনো প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ গুরুতর হলে প্রার্থিতা বাতিলসহ তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেওয়া হবে।’ গতকাল মঙ্গলবার সকালে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা পরিষদ চত্বরে নির্মাণাধীন নির্বাচন কমিশনের সার্ভার স্টেশন পরিদর্শন শেষে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, মেয়র পদপ্রার্থী ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা এসব কথা বলেন।নির্বাচনসংক্রান্ত কাজে জড়িত সব কর্মকর্তার আচরণবিধি সম্পর্কে সতর্ক থাকার নির্দেশ দিয়ে তিনি বলেন, ‘আমরা চাই, দেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও নির্দলীয় একটি নির্বাচন অনুষ্ঠিত হোক। তার জন্য কমিশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক লোকমান হোসেন মিয়া, নির্বাচন উপকমিশনার জাহিদ হোসেন, মুক্তাগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান বদর উদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসরিন জাহান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল হকসহ স্থানীয় ব্যক্তিরা।মতবিনিময়কালে তিনি আরও বলেন, স্থানীয় নির্বাচনসহ সব নির্বাচনই দলীয় ব্যানারে হওয়া উচিত। তাহলে মাঠপর্যায় থেকেই একজন নেতার জনপ্রতিনিধিত্ব করার সুযোগ তৈরি হবে। আর পৌর নির্বাচনের পরপর আগামী মার্চের মধ্যেই ইউনিয়ন পরিষদের নির্বাচন সম্পন্ন করা হবে।