পৌর নির্বাচনে ইসিকে নিরপেক্ষ থাকার আহ্বান মির্জা ফখরুলের
পৌরসভা নির্বাচনে নির্বাচন কমিশনকে (ইসি) নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নির্বাচন কমিশন অতীতের কর্মকাণ্ড ভুলে সুষ্ঠুভাবে দায়িত্ব সম্পন্ন করবে, এমনটিই আশা করে বিএনপি।রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গতকাল রোববার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল এ কথা বলেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নির্বাচন নিরপেক্ষ হলে বিরোধী দল অবশ্যই জয়ী হবে। কারণ, দেশের মানুষ ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের সঙ্গে নেই। আশা করছি, সরকার জোর-জবরদস্তি করে কারও জয় ছিনিয়ে নেবে না।’মির্জা ফখরুল ইসলাম বলেন, নির্বাচন কমিশন পৌর নির্বাচন নিয়ে কোনো পক্ষ নিলে দেশের জনগণ মেনে নেবে না। বর্তমান নির্বাচন কমিশনের অনেক সমস্যা রয়েছে। কিন্তু দেশে গণতন্ত্র টিকিয়ে রাখতে নির্বাচন কমিশনের উচিত, ত্রুটি-বিচ্যুতি পরিহার করে একটি গ্রহণযোগ্য, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করা। পৌরসভা নির্বাচনে সেনা মোতায়েন প্রসঙ্গে তিনি বলেন, এটা শুধু বিএনপির দাবি নয়, সব প্রার্থীর দাবি।মির্জা ফখরুল বলেন, সরকার মহাজোটগতভাবে পৌর নির্বাচন করলে তা অন্যায় ও বেআইনি হবে। জাতীয় সংসদের হবিগঞ্জ-১ ও ব্রাক্ষণবাড়িয়া-৩ আসনের উপনির্বাচনে বিএনপি অংশ নেবে কি না—জানতে চাইলে তিনি বলেন, এখনো বিএনপি এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়নি। তবে বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে। তাই আশা করা যায়, এতে অংশ নেবে।