পৌর নির্বাচনে কঠোরভাবে শৃঙ্খলা রক্ষার প্রত্যয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা ও ফেনীতে প্রশাসনের কর্মকর্তা এবং মেয়র-কাউন্সিলর পদপ্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেছেন দুই নির্বাচন কমিশনার। ভোলায় নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেছেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়। শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করতে প্রয়োজনে সাংসদদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। ফেনীতে নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন বলেছেন, ‘নির্বাচন কমিশন অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করতে বদ্ধপরিকর। আমাদের জনগণ আইন মানতে চায়। যদি আমরা মানাতে পারি।’ দুই নির্বাচন কমিশনারই অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পৌর নির্বাচন করার প্রত্যয় ব্যক্ত করেন। আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বরিশাল বিভাগে এবং ১৮ জানুয়ারি চট্টগ্রাম ও সিলেট বিভাগের পৌরসভাগুলোতে নির্বাচন অনুষ্ঠিত হবে।ভোলা: বেলা ১১টায় জেলা প্রশাসকের সভাকক্ষে মতবিনিময়কালে সাখাওয়াত হোসেন বলেন, ভোলায় পৌর নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে প্রশাসনকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। ভোটকেন্দ্রগুলোতে বহিরাগত লোকজনের অনুপ্রবেশ বন্ধ করা হবে। কেন্দ্রে কেউ প্রভাব বিস্তার করতে চাইলে তার বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচন-পরবর্তী সহিংসতা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেন।সাখাওয়াত হোসেন প্রার্থীদের উদ্দেশে বলেন, ‘নির্বাচন প্রভাবিত করার চেষ্টা করবেন না। ভোটারদের বিভ্রান্ত করলে প্রমাণ সাপেক্ষে আপনাদের প্রার্থিতা বাতিল করা হবে।’ নির্বাচনের পর ৩০ দিনের মধ্যে প্রার্থীদের সব নির্বাচনী ব্যয়ের হিসাব-নিকাশ তুলে ধরার আহ্বান জানান তিনি। সভায় জেলা প্রশাসক মেসবাহুল ইসলাম, পুলিশ সুপার বশির আহমেদ, জেলা রিটার্নিং কর্মকর্তা ইসমাইল হোসেন, জেলা নির্বাচন কর্মকর্তা হাসানুজ্জমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে সকালে নির্বাচন কমিশনার ভোলা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের দুটি ভোটকেন্দ্র পরিদর্শন করেন।ফেনী: জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে মতবিনিময় সভায় মুহাম্মদ ছহুল হোসাইন বলেন, বর্তমান পৌর নির্বাচনের ওপরই দেশের ভবিষ্যৎ নির্ভর করছে। এই নির্বাচনের মধ্য দিয়ে জনগণকে সঠিক নেতৃত্ব বের করে আনতে হবে। ছহুল হোসাইন বলেন, ‘নির্বাচন কমিশন কিছু নির্বাচনী আচরণবিধি পরিবর্তন করেছে। আগে প্রার্থীরা হোন্ডা আর গুন্ডা নিয়ে শোডাউনের মাধ্যমে মনোনয়নপত্র জমা দিতেন। এখন সেটি বন্ধ। প্রার্থীরাও এটি মেনে নিয়েছেন। দেয়াল-লিখন বন্ধ করা হয়েছে। আমাদের জনগণ আইন মানে। যদি আমরা মানাতে পারি।’ প্রশাসনিক কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, ‘কোনো কর্মকর্তা কারও প্রতি আনুকূল্য দেখাবেন না।’ ফেনীর জেলা প্রশাসক মো. আবদুল কুদ্দুস খানের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা পুলিশ সুপার মো. ইমাম হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক ও ফেনী পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আলতাফ হোসেন চৌধুরী প্রমুখ।পরশুরাম প্রতিনিধি জানান, বিকেলে ছহুল হোসাইন পরশুরামে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি বলেন, নির্বাচনে সেনাবাহিনী সহায়ক শক্তি হিসেবে কাজ করবে।