পৌর নির্বাচনে 'গফরগাঁও স্টাইল'
একজন নারী ভোট দিয়ে বের হলেন। চোখে-মুখে বিস্ময়। সাংবাদিক দেখে এগিয়ে এসে বললেন, তিনি কাউন্সিলর পদে দুটি ভোট দিয়েছেন। কিন্তু মেয়র পদের ব্যালট তাঁকে দেওয়া হয়নি।
সাংবাদিকের সঙ্গে ওই নারী কথা বলছেন দেখে এগিয়ে এলেন এক যুবক, বিপরীত দিক থেকে এলেন এক পুলিশ কর্মকর্তা। তাঁরা ওই নারীকে কথা বলতে দিতে চান না। পুলিশ কর্মকর্তা ধমক দিলেন, ‘আপনি ভোট দিতে ভুল করেছেন, এখন শুধরানোর সুযোগ নেই। চলে যান।’
এটি গতকাল বুধবার ময়মনসিংহের গফরগাঁও পৌরসভার বাতেনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বেলা একটার দিকের ঘটনা। এ কেন্দ্রে গিয়ে দেখা যায়, নৌকার সমর্থকেরা গলায় ব্যাজ ঝুলিয়ে কেন্দ্রের বাইরে ভিড় করছেন। আর ভেতরে দু-একজন নারী ভোটার। বিএনপির প্রার্থীর পক্ষের কোনো এজেন্ট সেখানে নেই। ভেতরে প্রকাশ্যে সিল মারার অভিযোগও পাওয়া গেল।
জানতে চাইলে কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আনোয়ারুল ইসলাম প্রথম আলোকে বলেন, এমন তো হওয়ার কথা না। এখানে বিএনপি নেই। তাদের কোনো এজেন্টও তাঁর সঙ্গে যোগাযোগ করেননি।
গফরগাঁওয়ের কয়েকটি কেন্দ্র ঘুরে একই ধরনের অভিযোগ পাওয়া গেছে। অন্তত আটজন ভোটার নাম গোপন রাখার শর্তে প্রথম আলোকে বলেছেন, তাঁদের মেয়র পদের ব্যালট পেপার দেওয়া হয়নি। কেউ কেউ অভিযোগ করেছেন, ব্যালট দেওয়া হলেও প্রকাশ্যে নৌকায় ভোট দিতে বলা হয়েছে।
বিএনপির প্রার্থী শাহ আবদুল্লাহ আল মামুনও প্রথম আলোর কাছে একই অভিযোগ করেন। তিনি বলেন, সকাল থেকে মেয়র পদের ব্যালট দেওয়া হচ্ছে না। কোথাও দেওয়া হলেও সবার সামনে নৌকায় ভোট দেওয়া হচ্ছে। তাঁর স্ত্রী, ভাবি ও বোনও মেয়রের ভোট দিতে পারেননি। এ অবস্থায় তিনি নিজেও আর ভোট দিতে যাননি। হুমকির কারণে তাঁর এজেন্টরা কেন্দ্রে যেতে পারেননি। একজন এজেন্ট যাওয়ার পর তাঁকে নৌকায় ভোট দিতে বাধ্য করা হয়। এ অবস্থায় দুপুর সাড়ে ১২টার দিকে তিনি নির্বাচন বর্জন করেছেন।
স্থানীয় ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী ও সাধারণ ভোটারের সঙ্গে কথা বলে জানা যায়, এখানে বিএনপির প্রার্থী শুরু থেকেই সেভাবে মাঠে ছিলেন না। আওয়ামী লীগের প্রার্থী এমনিতে জয়ী হবেন বলে সবার ধারণা। তারপরও জয় সুনিশ্চিত করতে কোনো ‘রিস্ক’ না নিতে ওই কৌশল নেওয়া হয়েছে। এটা এখানকার ‘স্টাইল’।
একটি কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ‘ভাই আমরা সরকারি চাকরি করি। ভোট সুষ্ঠু হচ্ছে, কেমন সুষ্ঠু হচ্ছে আপনারা বুঝেন, দেখছেন। এর বেশি কিছু বলার নাই।’