পৌর নির্বাচনের জন্য ১৭ কোটি টাকা বরাদ্দ
দেশের ২৫৬টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠানের জন্য সরকারের অর্থ বিভাগ থেকে প্রায় ১৭ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে সর্বাধিক চার কোটি ৯৭ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে ভোট গ্রহণ কর্মকর্তাদের ভাতা বাবদ। গত ৩ জানুয়ারি অর্থ বিভাগ থেকে এই অর্থ ছাড় দেওয়া হয়।তবে এই বাজেটে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের ভাতা অন্তর্ভুক্ত করা হয়নি। নির্বাচন কমিশন সূত্র জানায়, এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে। পুলিশ, বর্ডার গার্ড, আনসার, র্যাব, কোস্টগার্ড ও সেনাবাহিনী মোতায়েন সম্পর্কে চূড়ান্ত ধারণা পাওয়ার পর এ বিষয়ে বাজেট প্রস্তুত করা হবে।সূত্র জানায়, এবারের নির্বাচনে প্রত্যেক প্রিসাইডিং কর্মকর্তা এক হাজার টাকা, সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ৭০০ টাকা এবং পোলিং কর্মকর্তা ৬০০ টাকা করে ভাতা পাবেন। এ ভাতা বাবদ চার কোটি ৯৭ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে। এ ছাড়া ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ বাবদ দুই কোটি ৮০ লাখ ২৯ হাজার ২৮০ টাকা; সরকারি মুদ্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের অতিরিক্ত সময়ে কাজ করার পারিশ্রমিক বাবদ এক কোটি টাকা; ব্যালট পেপার, বিভিন্ন ধরনের ফরম, পুস্তিকা ও পরিচয়পত্র মুদ্রণের জন্য কাগজ কেনা বাবদ দুই কোটি ৪০ লাখ টাকা; ভ্রাম্যমাণ আদালতের বিচারিক ও নির্বাহী হাকিমদের যানবাহনের জ্বালানি ও আনুষঙ্গিক খরচ বাবদ ৪১ লাখ টাকা; রিটার্নিং কর্মকর্তাদের ডাক, তার ও আপ্যায়ন বাবদ ৬৭ লাখ ২৫ হাজার টাকা এবং চার হাজার ১০০টি ভোটকেন্দ্রের বেষ্টনী ও গোপন কক্ষ নির্মাণ বাবদ ৮২ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।