পৌর নির্বাচনের তফসিল ঘোষণার জন্য দিনভর অপেক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনভর অপেক্ষা করেও আজ সোমবার পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করতে পারেনি নির্বাচন কমিশন। আইন মন্ত্রণালয় থেকে সময়মতো নির্বাচনী আচরণবিধি ও পরিচালনাবিধি যাচাই-বাছাই হয়ে না আসায় এই অবস্থার সৃষ্টি হয়েছে।

তবে আগামীকাল মঙ্গলবার দিনের প্রথম ভাগে নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে বলে কমিশন সচিবালয়ের শীর্ষস্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।
পূর্ব পরিকল্পনা অনুযায়ী আজ পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণার প্রস্তুতি ছিল। কমিশন আশা করেছিল, দুপুরের আগেই বিধিমালা যাচাই-বাছাই হয়ে আসবে। এ জন্য প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমদ চার কমিশনারকে বিকেল পাঁচটার আগে দপ্তর ছেড়ে না যাওয়ার অনুরোধ জানান। কমিশন সচিবালয় জানায়, সকালে সিইসি আইনমন্ত্রী আনিসুল হককে বিধিমালা দ্রুত পাঠানোর অনুরোধ করেন।
বিকেল পাঁচটা পর্যন্ত অপেক্ষার পর নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ সাংবাদিকদের বলেন, আজ আর তফসিল ঘোষণা সম্ভব নয়।
কমিশন সচিবালয় থেকে জানা যায়, বিধিমালা-সংক্রান্ত নথি হাতে হাতে নিয়ে আসার জন্য কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব মো. শাহজাহান দুপুরের আগেই আইন মন্ত্রণালয়ে যান। মন্ত্রণালয়ে যাচাই-বাছাইয়ের কাজ শেষ করে সন্ধ্যার পর মো. শাহজাহান সংসদে এসে এ-সংক্রান্ত নথিতে আইনমন্ত্রীর সই নেন।