পৌর নির্বাচনের রায় পাল্টানো হতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতারা অভিযোগ করেছেন, সরকার বরিশাল ও খুলনার পৌরসভা নির্বাচনে কারচুপি করে ফলাফল তাদের অনুকূলে নিয়েছে। ঢাকা, সিলেট ও চট্টগ্রাম বিভাগের পৌর নির্বাচনের রায় এভাবে ক্ষমতার জোরে পাল্টে দেওয়া হলে সমুচিত জবাব দেওয়া হবে। গতকাল শনিবার রাজধানীর মুক্তাঙ্গনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বিএনপির নেতারা এ কথা বলেন। বিএনপির নেতা ও ঢাকা সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর চৌধুরী আলমের সন্ধান চেয়ে মহানগর বিএনপি এ সমাবেশের আয়োজন করে। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, রাজশাহী ও রংপুর বিভাগের জনগণ নির্বাচনের মাধ্যমে সরকারকে জবাব দিয়েছে। এই পরাজয় মেনে নিতে না পেরে তারা বরিশাল ও খুলনা বিভাগের নির্বাচনে ব্যাপক কারচুপি করেছে। সেখানে প্রশাসনকে প্রভাবিত করে ক্ষমতার জোরে কেন্দ্র দখল করে গণরায় পাল্টে দেওয়া হয়েছে। খন্দকার মোশাররফ হোসেন আরও বলেন, ২০০ দিনেও চৌধুরী আলমের সন্ধান দিতে না পেরে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থতার পরিচয় দিয়েছেন। এ ঘটনায় পুলিশ সাধারণ ডায়েরি করলেও সরকার কোনো পদক্ষেপ নেয়নি। অথচ আওয়ামী লীগের এক ওয়ার্ডের নেতা খুন হওয়ার পর দুই পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে। এর মাধ্যমে প্রমাণ হয়, বর্তমান সরকার জনগণের নয়, আওয়ামী লীগের।বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া বলেন, আওয়ামী লীগ ছয় হাজার সাত শ অপরাধী ছেড়ে দিয়েছে। তাদের কারণে প্রতিদিনই চার থেকে ছয়টি খুন হচ্ছে। সভাপতির বক্তব্যে বিএনপির সহসভাপতি সাদেক হোসেন খোকা বলেন, চৌধুরী আলম নিখোঁজের বিষয়ে পুলিশ গুলশান থানায় সাধারণ ডায়েরি করেছে। এতে বলা হয়েছে, সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাঁকে ধরে নিয়ে গেছেন। ওই জিডির সূত্র ধরেই স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশ সদস্যরা তাঁর সন্ধান বের করতে পারেন। যদি তা না করতে পারেন, তাহলে ভবিষ্যতে তাঁদের বিরুদ্ধে হত্যা মামলাও হতে পারে।