পৌর প্রশাসকের অপসারণের দাবিতে স্মারকলিপি
পৌর প্রশাসকের অপসারণ ও নির্বাচনের দাবিতে সিলেটের বিয়ানীবাজারে আন্দোলন অব্যাহত রয়েছে। নির্বাচনের দাবিতে গঠিত পৌর নির্বাচন আদায় সংগ্রাম পরিষদের উদ্যোগে গতকাল মঙ্গলবার স্থানীয় সরকারমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে। বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে দুপুরে এই স্মারকলিপি পেশ করা হয়। স্মারকলিপিতে অবিলম্বে পৌর প্রশাসকের অপসারণ ও নির্বাচনের দাবি জানানো হয়। একই দাবিতে প্রতিদিন গ্রামে গ্রামে গণসংযোগ চলছে। ১৭ জানুয়ারি পৌর সদরে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। এর মধ্যে দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে। উল্লেখ্য, ২০০১ সালে ইউনিয়ন পরিষদ থেকে বিয়ানীবাজার পৌরসভায় উন্নীত হয়। সে সময় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে পৌর প্রশাসকের দায়িত্ব দেওয়া হলে সাবেক ইউনিয়ন চেয়ারম্যান তফজ্জুল হোসেন সরকারের এই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিট পিটিশন দাখিল করেন। এর পরিপ্রেক্ষিতে পৌর প্রশাসকের দায়িত্ব পান তফজ্জুল। গত ১১ বছরে একবারও বিয়ানীবাজার পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হয়নি।