খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আজ শনিবার থেকে তিন দিনব্যাপী ‘উন্নয়নশীল দেশগুলোর পৌর বর্জ্য ব্যবস্থাপনা—ওয়েস্টসেফ-২০১৭’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন শুরু হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং ভবনে বিকেলে শুরু হবে নিবন্ধন কার্যক্রম।
দেশের বর্জ্য ব্যবস্থাপনার কৌশল, পরিবেশগত ও আর্থসামাজিক প্রেক্ষাপট, কারিগরি ও অন্যান্য বিষয়ে অভিজ্ঞতা এবং প্রযুক্তিগত জ্ঞানবিনিময়ের মাধ্যমে নতুন নতুন কৌশল উদ্ভাবনের লক্ষ্যে এই বিশ্ববিদ্যালয়ে পঞ্চমবারের মতো এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এতে জার্মানি, ইতালি, জাপান, নেপাল, দক্ষিণ কোরিয়া ও ভারতের ২২ জন এবং বাংলাদেশের ১৩৮ জন খ্যাতনামা বিজ্ঞানী, গবেষক, প্রকৌশলী, প্রযুক্তিবিদ, শিক্ষাবিদ, পেশাজীবী ও নীতিনির্ধারক উপস্থিত থাকবেন।
এ সম্মেলনে সহযোগিতা করছে জার্মানির ওয়েমার বা’হস বিশ্ববিদ্যালয়, ইতালির ইউনিভার্সিটি অব প্যাডোভা, ইন্টারন্যাশনাল ওয়েস্ট ওয়ার্কিং গ্রুপ ও অরবিট অ্যাসোসিয়েশন।
সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠান হবে কাল রোববার সকালে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা জেলা পরিষদের প্রশাসক শেখ হারুনুর রশীদ এবং সভাপতিত্ব করবেন সম্মেলনের চেয়ার ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহাম্মদ আলমগীর।
সম্মেলনে প্রফেসর মোহাম্মদ হারুনুর রশীদ বেস্ট পেপার অ্যাওয়ার্ড, ওয়েস্টসেফ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ও ফ্যাব-ল্যাব ইনোভেটিভ পুরস্কার দেওয়া হবে।