পৌর বিএনপির নেতা ও সাবেক মেয়র গ্রেপ্তার
ময়মনসিংহের নান্দাইল পৌর বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি এ এফ এম আজিজুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার একটি মিছিলের পর বিকেল সাড়ে পাঁচটার দিকে পৌর শহর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আজিজুল ইসলাম নান্দাইল পৌরসভার মেয়র ছিলেন। বিগত পৌর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি পরাজিত হন। সরকারি কাজে বাধা দেওয়ার মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয় বলে প্রথম আলোকে জানিয়েছে পুলিশ।
তবে আজিজুল ইসলামের ভগ্নিপতি ও পৌর বিএনপির সদস্য মো. আলাউদ্দিন বলেন, আজিজুল ইসলামের বিরুদ্ধে নতুন কোনো মামলা নেই। সব মামলায় তিনি জামিনে রয়েছেন। তবুও কী কারণে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ তাঁদের জানায়নি।
স্থানীয় লোকজন সূত্রে জানা যায়, নান্দাইল পৌরসভাকে দাতা সংস্থা জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) দেওয়া একটি গাড়ি গত ১০ জানুয়ারি নান্দাইল ভূমি কার্যালয়ের চত্বরে রাখা ছিল। রাতের আঁধারে কে বা কারা গাড়িটির পেছনের কাচ ভেঙে ফেলে। পরদিন পৌরসভার মেয়র মো. রফিক উদ্দিন ভূঁইয়া বাদী হয়ে গাড়ি ভাঙচুর ও গাড়িতে থাকা ৭০ হাজার টাকা লুটের ঘটনায় দ্রুত বিচার আইনে মামলা করেন। এতে আজিজুল ইসলামসহ নয়জনকে আসামি করা হয়। মামলায় আজিজুল ইসলাম উচ্চ আদালত থেকে জামিন পান। বাকি আসামিরা কারাগারে রয়েছেন। কারাগারে থাকা ওই নেতা-কর্মীদের মুক্তির দাবিতে গতকাল বিকেলে আজিজুল ইসলামের নেতৃত্বে মিছিল হয়। মিছিল শেষে নেতা-কর্মীরা চলে যান। আজিজুল ইসলাম শহরের প্রমা স্টোরের বিপরীত দিকের একটি গলির ভেতর বসে কয়েকজনের সঙ্গে কথা বলছিলেন। এ সময় পুলিশ এসে তাঁকে ধরে গাড়িতে উঠিয়ে দ্রুত থানায় নিয়ে যায়। পরে থানা থেকে তাঁকে ময়মনসিংহ কারাগারে পাঠানো হয়।
নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, পুলিশের ও সরকারিকাজে বাধা দেওয়ার মামলায় আজিজুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। মামলাটি দুই-তিন মাস আগে দায়ের করা।