পৌর ভবনে আ.লীগের দুই কাউন্সিলরের তালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের নগরকান্দা পৌরসভার কলেজ বাইলা এলাকার সুমি আক্তার (১৮) এবার এসএসসি পরীক্ষায় পাস করেছে। পুলিশের চাকরি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য আবেদন করবে। এর জন্য জন্মনিবন্ধন জমা দিতে হবে। গত রোববার জন্মনিবন্ধন সংগ্রহ করতে নগরকান্দা পৌরভবনে আসে। কিন্তু ভবনের ফটকে তালা থাকায় সব কার্যক্রম বন্ধ। তাই জন্মনিবন্ধন সনদ নেওয়া সম্ভব হয়নি সুমির।রোববার একই কারণে সুমির মতো ফিরে যান নগরকান্দা এলাকার মো. অনিক, চম্পা সাহা ও জয়দেব সরকার। তাঁরা বিভিন্ন কাজে পৌর ভবনে এসেছিলেন। ১২ এপ্রিল থেকে নগরকান্দা পৌর ভবনের প্রধান ফটকে তালা ঝুলছে। সচিব, প্রকৌশলীসহ নিয়মিত কর্মকর্তা-কর্মচারীরা প্রতিদিন ভবনের সামনে এসে বসে থাকেন। সব ধরনের কার্যক্রম বন্ধ। এমনকি বন্ধ রয়েছে রাস্তা ঝাড়ু দেওয়ার কাজ।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দরপত্র নিয়ে বিরোধের জের ধরে আওয়ামী লীগ-সমর্থিত কাউন্সিলর মো. ওবায়দুর রহমান, মামুনুর রশিদ স্থানীয় কয়েকজন আওয়ামী লীগ সমর্থককে নিয়ে ১২ এপ্রিল বেলা ১১টার দিকে পৌর ভবনে অবস্থানরত কর্মকর্তা-কর্মচারীদের বের করে দিয়ে মূল ফটকে তালা ঝুলিয়ে দেন।পৌর সচিব মো. ইসমাইল জানান, সম্প্রতি পৌরসভার ১৩টি হাটবাজারের ইজারার দরপত্র আহ্বান করা হলে কাউন্সিলর ওবায়দুরের পক্ষে মিরাজ মোল্লা তিন লাখ ৩৩ হাজার ৩০০ টাকায় গরু-ছাগলের হাট ও স্থানীয় আওয়ামী লীগ-সমর্থক নিজাম শেখ এক লাখ ৫৫ হাজার টাকায় তরকারির হাটের ডাক পান। পরবর্তী সাত দিনের মধ্যে বাকি ৭০ ভাগ টাকা জমা দেওয়ার কথা। ওই সময়ের মধ্যে অন্য ১১ জন দরপত্রগ্রহীতা তা বুঝে নিলেও তাঁরা নেননি। ২৪ মার্চ ও ৩ এপ্রিল দুই দফায় সাত দিনের সময় দিয়ে ওই দুজনকে বাকি টাকা জমা দিয়ে ইজারা বুঝে নিতে চিঠি দেওয়া হয়। কিন্তু তাঁরা তা করেননি। তাই নিয়ম অনুযায়ী ১১ এপ্রিল ওই দুটি দরপত্র বাতিল করে পুনরায় দরপত্র আহ্বান করে মাইকিং করা হয়। প্রত্যক্ষদর্শী পৌরসভার একজন কর্মচারী জানান, দরপত্র বাতিলের ঘটনায় ক্ষিপ্ত হয়ে ১২ এপ্রিল বেলা ১১টার দিকে ওবায়দুর, মামুন, নিজামসহ ১০-১২ জন পৌর ভবনে ঢুকে সবাইকে বের করে দেন। পরে ওবায়দুর ভবনের মূল ফটকে তালা ঝুলিয়ে দিয়ে চাবি নিয়ে চলে যান।পৌরসভার মেয়র জাহিদ হোসেন উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি। গত ২ এপ্রিল হরতালের দিন পৌর এলাকায় সহিংস ঘটনায় দায়ের হওয়া চারটি মামলার আসামি হওয়ায় তিনি আত্মগোপনে রয়েছেন। মুঠোফোনে তিনি প্রথম আলোকে বলেন, বিষয়টি তিনি মন্ত্রণালয়, জেলা প্রশাসক ও নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জানিয়েছেন। কিন্তু এ বিষয়ে কেউ কোনো ভূমিকা রাখেননি। সাত দিন ধরে পৌরসভার সব কাজ বন্ধ রয়েছে। মানুষ চরম ভোগান্তির মধ্যে পড়েছে।থানার ওসি শংকর কুমার দাস বলেন, ‘ঘটনাটি আমার জানা নেই। পৌরসভার দায়িত্ব মেয়রের, তালা খোলার ক্ষমতাও তাঁর। তিনি কেন তালা খোলার ব্যবস্থা নিচ্ছেন না?’ জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ জানান, বিষয়টি তাঁকে কেউ বলেননি। মেয়র বলেছেন, কর্মকর্তা-কর্মচারীদের মারধর করে পৌর ভবন থেকে বের করে দেওয়া হয়েছে। এ ব্যাপারে মামলা করার জন্য তাঁকে পরামর্শ দেওয়া হয়েছে।কাউন্সিলর ওবায়দুর রহমান পৌর ভবনে তালা ঝুলিয়ে দেওয়ার কথা স্বীকার করে বলেন, মেয়র পৌরসভায় আসেন না। কিন্তু গোপনে কাজ চালিয়ে যাচ্ছেন। বিএনপি-সমর্থক কাউন্সিলররা ঠিকমতো তাঁদের কাজ করে যাচ্ছেন অথচ তাঁদের (আওয়ামী লীগ-সমর্থিত তিন কাউন্সিলর) কাজ করতে দেওয়া হচ্ছে না। তাই আওয়ামী লীগের নেতা-কর্মীদের সহায়তায় পৌরসভার মূল ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন। টেন্ডার-সংক্রান্ত কারণে তালা দেওয়া হয়নি বলে তিনি দাবি করেন।