পৌর মেয়র সহিদুরের বিরুদ্ধে অভিযোগপত্র

টাঙ্গাইল পৌরসভার মেয়র সহিদুর রহমান খানসহ (মুক্তি) তিনজনের বিরুদ্ধে অস্ত্র আইনে দায়ের করা মামলার অভিযোগপত্র জমা দিয়েছে গোয়েন্দা পুলিশ। টাঙ্গাইলের বিচারিক হাকিমের আদালতে আজ বুধবার এই অভিযোগপত্র জমা দেওয়া হয়।
মেয়র সহিদুর আওয়ামী লীগ দলীয় সাংসদ আমানুর রহমান খানের (রানা) ভাই এবং টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। স্থানীয় সরকার (পৌরসভা)আইনে বলা আছে, কোনো জনপ্রতিনিধির বিরুদ্ধে ফৌজদারি মামলায় আদালতে অভিযোগপত্র দেওয়া হলে মন্ত্রণালয় তাঁকে ওই পদ থেকে বরখাস্ত করতে পারে।
জেলা গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ৩০ জুলাই মেয়রের ঘনিষ্ঠ সহযোগী কাদের জোয়ার্দ্দারকে পুলিশ আটক করে। পরে কাদেরের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ওই দিনই টাঙ্গাইল সদরের পোড়াবাড়ি গ্রামে তাঁর বাড়ি থেকে দুটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগজিন ও তিনটি গুলি উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে কাদের জোয়ার্দ্দার পুলিশকে জানায়, কয়েক মাস আগে শহরের কলেজ পাড়া এলাকায় মেয়রের বাসার বৈঠকখানায় এই অস্ত্র দুটি তাঁকে দেওয়া হয়েছিল। মেয়রের সামনে অস্ত্র দুটি তাঁর কাছে হস্তান্তর করেন মেয়রের দেহরক্ষী হিসেবে পরিচিত নাসির উদ্দিন নূরু।
ওই দিনই গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক রাশিদুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন। এতে মেয়র সহিদুর, কাদের ও নূরুকে আসামি করা হয়। মামলার তদন্ত ভার দেওয়া হয় গোয়েন্দা পুলিশকে।
মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক নাজমুল হাসান জানান, মামলায় মেয়রসহ তিনজনের বিরুদ্ধেই অবৈধ অস্ত্র নিজ হেফাজতে রাখা, সরবরাহ ও নিয়ন্ত্রণের অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া ১১ জনকে সাক্ষী করা হয়েছে।
টাঙ্গাইল গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মাহফীজুর রহমান জানান, মেয়রসহ তিনজনকেই পলাতক দেখিয়ে অভিযোগপত্র আজ আদালতে জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
আওয়ামী লীগ নেতা ফারুক আহমেদ হত্যা মামলার তদন্তে মেয়র সহিদুর ও তাঁর অন্য তিন ভাইয়ের সম্পৃক্ততার প্রমাণ পায় গোয়েন্দা পুলিশ। এরপর থেকে তাঁরা আত্মগোপনে রয়েছেন।
প্রসঙ্গত, গত ২৭ ডিসেম্বর মেয়র সহিদুরের মামাতো ভাইয়ের ছেলে পুনমকে চারটি অস্ত্রসহ পুলিশ গ্রেপ্তার করে। এই মামলায় মেয়রের অপর দুই ভাই ব্যবসায়ী নেতা জাহিদুর রহমান খান (কাকন) ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি সানিয়াত খানের (বাপ্পা) বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। এ ছাড়া কয়েক মাস আগে পুলিশ একটি বিদেশি পিস্তলসহ শহরের বিশ্বাস বেতকা এলাকা থেকে স্বপন নামক এক যুবককে গ্রেপ্তার করে। স্বপন পুলিশকে জানায়, অস্ত্রটি জাহিদুর রহমান (কাকন) তাঁকে দিয়েছিল। এই মামলায় জাহিদুর ও স্বপনের বিরুদ্ধে পুলিশ অভিযোগপত্র দিয়েছে।