পৌর মেয়রকে চায়ের দাওয়াত দিতে গিয়ে...
ভুয়া চিকিৎসক পরিচয় দিয়ে নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র সেলিনা হায়াত আইভীকে চায়ের দাওয়াত দিতে গিয়েছিলেন তিনি। কিন্তু মেয়রের জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি ভুয়া পরিচয়ের কথা স্বীকার করেন। পরে মেয়র তাঁকে পুলিশে সোপর্দ করেন। তাঁর পরিচালিত অনুমোদনহীন হাসপাতালও সিলগালা করে দেওয়া হয়েছে। মেয়র সেলিনা হায়াত বলেন, ‘মঙ্গলবার বেলা ১১টার দিকে রাত্রি আক্তার নামের ওই নারী নিজেকে চিকিৎসক এবং শহরের সম্রাট জেনারেল হাসপাতালের পরিচালক পরিচয় দিয়ে আমার সঙ্গে দেখা করেন। তিনি আমাকে চায়ের দাওয়াত দেন। সন্দেহ হলে আমি তাঁকে জিজ্ঞাসাবাদ করি। একপর্যায়ে রাত্রি স্বীকার করেন, তিনি চিকিৎসক নন।’পৌর মেয়রের নির্দেশে দুপুরের দিকে পৌরসভার স্বাস্থ্য বিভাগের লোকজন শহরের নবাব সলিমুল্লাহ সড়কে অবস্থিত সম্রাট জেনারেল হাসপাতালে অভিযান চালান। তারা হাসপাতালের পক্ষে কোনো কাগজপত্র দেখাতে পারেনি। হাসপাতালের অস্ত্রোপচার কক্ষের অবস্থাও ভয়াবহ। অনেক স্থানে ছাদ থেকে পলেস্তারা খসে পড়ছে। হাসপাতালে ডিপ্লোমা কোনো সেবিকাও নেই। পরে হাসপাতালটি সিলগালা করে দেওয়া হয়। নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আতিয়ার রহমান জানান, চিকিৎসক হিসেবে রাত্রি আক্তারের কোনো সনদ নেই। তাঁর বাড়ি মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী এলাকায়। এ ব্যাপারে মামলা হয়েছে।