পৌর মেয়রের বাড়িতে গুলি, প্রতিবাদে সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর চাটখিল পৌরসভার মেয়র মোহাম্মদ উল্যাহর বাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার গভীর রাতে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ফতেহপুর এলাকায় এ ঘটনা ঘটে।

তবে বাড়ির কেউ হতাহত হয়নি। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে চারটি গুলির খোসা উদ্ধার করে পুলিশ। মেয়র উপজেলা যুবলীগেরও আহ্বায়ক।

এ ঘটনার প্রতিবাদে গতকাল শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চাটখিল বাজারে সোনাইমুড়ী-রামগঞ্জ সড়ক অবরোধ করে রাখেন মেয়রের অনুসারী আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এ সময় শতাধিক যানবাহন আটকা পড়ে। ভোগান্তিতে পড়ে যাত্রীরা। পরে স্থানীয় চাটখিল সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবদুল্লা আল মাসুম ঘটনাস্থলে গিয়ে জড়িতদের গ্রেপ্তারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।

মেয়র প্রথম আলোকে বলেন, কে বা কারা রাত আনুমানিক পৌনে তিনটার দিকে হঠাৎ তাঁর বাড়ি লক্ষ্য করে গুলি ছুড়ে। তাঁর বাড়ি দোতলা। তিনি ভবনের দ্বিতীয় তলায় ছিলেন। গুলির শব্দে তাঁর ঘুম ভেঙে যায়। পরে তিনি নিচতলায় নেমে দেখেন গুলিতে একটি জানালার কাচ ভেঙে গেছে। বিষয়টি থানা-পুলিশকে অবহিত করলে রাতেই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আনোয়ার ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছেন তিনি। মেয়র এ জন্য দলীয় প্রতিপক্ষকে দায়ী করেছেন। তবে কারও নাম বলেননি।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আনোয়ার প্রথম আলোকে বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করার চেষ্টা করছেন তাঁরা। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।