পৌর মেয়রের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ঠিকাদারদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জ পৌর মেয়র হাসমত আলী সিকদার তাঁর পছন্দের ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে দরপত্র দাখিলকারী ঠিকাদারদের না জানিয়ে লটারি করেছেন বলে অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে গতকাল সোমবার গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছেন ক্ষুব্ধ ঠিকাদারেরা। বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে সেখানেই সমাবেশ করেন ঠিকাদারেরা। পরে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দ্বিতীয় দফা সমাবেশে বক্তব্য দেন জেলা কৃষক লীগের সভাপতি মো. গঞ্জের আলী, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী লিয়াকত আলী, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইফ মোল্লাসহ দরপত্রে অংশ নেওয়া ঠিকাদারেরা। বক্তারা পৌর মেয়রের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ তোলেন। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করেন।এর আগে গত রোববার ঠিকাদারেরা জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেন এবং প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। ঠিকাদারদের অভিযোগ, সংশ্লিষ্ট ঠিকাদারদের না জানিয়ে রোববার শেখ কামাল স্টেডিয়ামের পাশে প্রস্তাবিত পার্ক নির্মাণকাজের জন্য দরপত্রের লটারি করা হয়। এতে মেয়রের পছন্দের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মাহমুদুল হককে কাজ দেওয়া হয়েছে।যোগাযোগ করা হলে মেয়র হাসমত আলী সিকদার বলেন, ‘এখনো কোনো ঠিকাদার এ ব্যাপারে আমার কাছে অভিযোগ করেনি।’ জেলা প্রশাসক শেখ ইউসুফ হারুন অভিযোগ পাওয়ার কথা নিশ্চিত করে বলেন, বিষয়টি যথাযথ কর্তৃপক্ষকে জানানো হবে।