পৌর মেয়রের বিরুদ্ধে কাউন্সিলরদের অভিযোগ, ক্ষুব্ধ এরশাদ
রংপুরে দলীয় নেতাদের প্রতি ক্ষুব্ধ হয়ে ঈদের দিন বুধবারই সেখান থেকে ঢাকায় ফিরেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। রংপুর পৌরসভার মেয়র ও জাতীয় পার্টির জেলা আহ্বায়ক কমিটি যুগ্ম আহ্বায়ক এ কে এম আবদুর রউফের বিরুদ্ধে পৌরসভার কাউন্সিলরদের অভিযোগ করাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।জাতীয় পার্টির রংপুর জেলা শাখার একাধিক সূত্র জানায়, গত মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত দর্শনা মোড়ে এরশাদের বাড়ি ‘পল্লী নিবাসে’ তাঁর উপস্থিতিতে পৌর মেয়র ও কাউন্সিলরদের এক সভা হয়। এতে মেয়র আবদুর রউফের বিরুদ্ধে দলের চেয়ারম্যানের কাছে অভিযোগ করেন কাউন্সিলররা। সভায় এরশাদের উপস্থিতিতেই কাউন্সিলরদের সঙ্গে পৌর মেয়রের তর্ক ও হট্টগোল বেধে যায়। ফলে দলের নেতাদের প্রতি অসন্তুষ্ট হয়ে ঈদের দিন বুধবার দুপুরের পর ঢাকায় ফিরে যান এরশাদ। ওই সভায় জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক ও সাবেক সাংসদ মশিউর রহমান, সদস্য-সচিব ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজার রহমানও উপস্থিত ছিলেন।কাউন্সিলররা অভিযোগ করেন, গত মঙ্গলবার সকালে মুন্সিপাড়া কবরস্থানসংলগ্ন মুক্তিযোদ্ধা কবরস্থানের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন এরশাদ। দলের চেয়ারম্যানের কাছে নিজের ভাবমূর্তি উজ্জ্বল করতে তাঁদের না জানিয়ে পৌর মেয়র একক সিদ্ধান্তে এই কাজ করেন। এ ছাড়া উদ্বোধনী ফলকে সার্বিক ব্যবস্থাপনায় পৌর পরিষদের নাম না লিখে শুধু মেয়রের নাম ও তাঁর পদবি উল্লেখ করা হয়েছে। ওই অনুষ্ঠানে পৌর কাউন্সিলরদের আমন্ত্রণও করা হয়নি।আরও জানা গেছে, গত সোমবার রাতে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ক্রিকেটার সোহরাওয়ার্দী শুভ ও সাজিদুল করিমকে পৌরসভার পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। কিন্তু সেখানেও পৌর মেয়র কাউন্সিলরদের না জানিয়ে কিংবা কোনো সভা না করেই এই সংবর্ধনার সিদ্ধান্ত নেওয়া হয়। পৌর কাউন্সিলররা একে মেয়রের স্বেচ্ছাচারিতা হিসেবে উল্লেখ করেন। এরশাদের উপস্থিতিতে হট্টগোল হয়েছে স্বীকার করে জেলা জাতীয় পার্টি আহ্বায়ক কমিটির সদস্য-সচিব মোস্তাফিজার রহমান বলেন, ‘এমন অবস্থা দেখে আমি নির্বাক হয়েছিলাম। তাঁদের শান্ত করার চেষ্টা করেছি।’পৌর কাউন্সিলর ও জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটির সদস্য আজমল হোসেন বলেন, ‘দলের চেয়ারম্যানকে খুশি করাতে পৌর পরিষদকে পাশ কাটিয়ে তাঁর (মেয়রের) একক সিদ্ধান্তে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমরা দলীয় প্রধানকে (এরশাদ) কাছে পেয়ে এ ব্যাপারে অভিযোগ তুলে ধরি। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।’ এ ব্যাপারে পৌর কাউন্সিলর বহুলুল জেপলিন বলেন, ‘আমরা পৌর কাউন্সিলররা তাঁর (মেয়র) বিরুদ্ধে অনাস্থা আনব।’ওই সভায় উপস্থিত জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক ও সাবেক সাংসদ মশিউর রহমান বলেন, ‘উনি (এ কে এম আবদুর রউফ) আগামী নির্বাচনে জাতীয় পার্টির পক্ষ থেকে মেয়র পদে প্রার্থিতার জন্য চেয়ারম্যান এরশাদকে খুশি করতে পৌরসভার নানা অনিয়ম করে এত সব আয়োজন করছেন। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। তাই দলীয় প্রধান অসন্তুষ্ট।’এসব অভিযোগের জবাবে পৌর মেয়র এ কে এম আবদুর রউফ বলেন, ‘কোনো ভালো কাজ করতে গেলে অনেকেই অনেক কথা বলবে। তাঁদের এসব কথা শুনলে ভালো কাজ করা সম্ভব নয়।’ এ ব্যাপারে জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ বলেন, ‘কাউন্সিলরদের কথা শুনেছি।’ এর বেশি আর কিছু বলেননি তিনি।