পৌরপিতা নেই, থমকে আছে উন্নয়ন
বগুড়ার সোনাতলা পৌরসভায় এক যুগের বেশি সময় ধরে কোনো উন্নয়ন হয়নি। নির্বাচন না হওয়ায় এখানকার নাগরিকেরা কোনো পৌরপিতা পাননি। এতে তাঁরা ন্যূনতম নাগরিক সুবিধাও পাচ্ছেন না। অথচ সরকার তফসিল ঘোষণা করায় এখানে আগামী মাসেই উপজেলা পরিষদ নির্বাচন হচ্ছে। এ অবস্থায় পৌর এলাকার উন্নয়নের জন্য পৌরবাসী ওই নির্বাচনের আগে পৌরসভা নির্বাচনের দাবি জানিয়েছে।
উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৯ ফেব্রুয়ারি সোনাতলা উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। তফসিল ঘোষণার পরই এলাকার ভোটারদের মধ্যে সোনাতলা পৌরসভা নির্বাচন ঝুলে থাকার বিষয়টি নতুন করে আলোচনায় উঠে আসে। ভোটারদের অভিযোগ, ২০০১ সালের ২৬ এপ্রিল সোনাতলা পৌরসভা ঘোষণার পর আজও কোনো নির্বাচন হয়নি। ফলে দীর্ঘদিন ধরে প্রশাসক দিয়ে চলছে এর কার্যক্রম। এতে সার্বিক কাজ-কর্মে স্থবিরতা দেখা দিয়েছে। পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উত্তম কুমার মণ্ডল জানান, বর্তমানে পৌরসভা নির্বাচনে আইনগত বাধা নেই।
পৌর কার্যালয় সূত্রে জানা গেছে, ২০০১ সালে সোনাতলা সদর ও বালুয়া ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামকে শহর ঘোষণা দিয়ে পৌরসভার সীমানা নির্ধারণ করা হয়। এরপর বালুয়া ইউনিয়নের কানুপুর গ্রামের একজন ভোটার পৌরসভার সীমানা নির্ধারণকে চ্যালেঞ্জ করে আদালতে মামলা করেন। সীমানা-সংক্রান্ত জটিলতায় আটকে যায় পৌরসভার নির্বাচন। একপর্যায়ে সীমানা জটিলতা-সংক্রান্ত মামলার কার্যক্রম উচ্চ আদালতে স্থগিত ঘোষণা করা হয়। জটিলতা কেটে যাওয়ায় ২০১১ সালের ৩১ অক্টোবর বালুয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনও অনুষ্ঠিত হয়। কিন্তু বিনা কারণে আটকে থাকে পৌর নির্বাচন।
পৌরসভা নির্বাচন না করে উপজেলা পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা করায় ভোটাররা নতুন করে ক্ষুব্ধ হয়েছেন। তাঁরা বলছেন, পৌরসভা ঘোষণার পর থেকেই উপজেলা সদরের উন্নয়ন আটকে গেছে। নামে শহর হলেও এখানে রাস্তাঘাটের উন্নয়ন, পর্যাপ্ত সড়কবাতি ও পানি সরবরাহের ব্যবস্থা নেই। আগুনাতাইর মহল্লার বাসিন্দা আমির আলী বলেন, ‘উপজেলা ভোট হচ্চে হোক। হামাকেরে পৌরসভার ভোট আগে সরকারক দিতি হবি।’
পৌর বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী মঞ্জুর হোসেন বলেন, ‘নামেই এইডা পৌরসভা। রাতত মহল্লাজুড়ে আন্ধার নামে। সড়কত বাত্তি নাই। ভাঙ্গা রাস্তা। বর্ষাত পানি নামার ড্রেন নাই। পৌরসভাত থ্যাকে খাবার পানি পাই না। বছর গেলেই খালি ট্যাক্স দেই। অথচ এসব অভিযোগ দিবার অ্যাকটা লোক পাই না। হামাকেরে মেয়র থাকলি তো তাকে অন্তত কবার পারতাম।’
ভোটারদের মুখ থেকে এমন ক্ষোভ ঝরে পড়লেও আওয়ামী লীগ ও বিএনপির স্থানীয় পর্যায়ের নেতারা পৌরসভা নির্বাচন নিয়ে কোনো মন্তব্য করতে চাননি। এ দুটি দলের অনেক নেতাই উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়ন তুলেছেন। তাঁরা নির্বাচনী তৎপরতাও চালাচ্ছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা গেছে, চেয়ারম্যান পদে উপজেলা বিএনপির সভাপতি আহসানুল তৈয়ব জাকির, সাবেক সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, উপজেলা জামায়াতের আমির এনামুল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল হক ও সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মনোনয়নপত্র তুলেছেন।