পৌরসভা অধ্যাদেশ সংসদে উত্থাপিত
সংশোধিত স্থানীয় সরকার (পৌরসভা) অধ্যাদেশ, ২০১৫ এবং মানি লন্ডারিং প্রতিরোধ (সংশোধন) অধ্যাদেশ, ২০১৫ গতকাল রোববার জাতীয় সংসদে উত্থাপিত হয়েছে। আইনমন্ত্রী আনিসুল হক অধ্যাদেশ দুটি উত্থাপন করেন।
সংবিধান অনুযায়ী অধ্যাদেশ জারির পর সংসদের পরবর্তী অধিবেশনের প্রথম বৈঠকে তা সংসদে উত্থাপনের বাধ্যবাধকতা রয়েছে।
স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে গতকাল বিকেল সাড়ে চারটার পর দশম জাতীয় সংসদের অষ্টম অধিবেশনের প্রথম কার্যদিবস শুরু হয়।
অধিবেশন শুরুর আগে বেলা সাড়ে তিনটায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। সংসদের গণসংযোগ শাখা বলেছে, বৈঠকে ২৩ নভেম্বর পর্যন্ত অধিবেশন চালানোর সিদ্ধান্ত হয়। প্রয়োজনে স্পিকার অধিবেশনের মেয়াদ বাড়াতে বা কমাতে পারবেন।
কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে কমিটির সদস্য সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীসহ হুসেইন মুহম্মদ এরশাদ, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, ফজলে রাব্বী মিয়া, আবুল হাসানাত আবদুল্লাহ, রাশেদ খান মেনন, আ স ম ফিরোজ, মইন উদ্দীন খান বাদল ও আনিসুল হক অংশ নেন।