পৌরসভা আধুনিকায়নে সব ব্যবস্থা নেওয়া হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের বিয়ানীবাজার পৌরসভার পরিবহনকাজের জন্য কেনা নতুন ট্রাক এবং স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে পাওয়া খননযন্ত্র (রোড রোলার ও এক্সকাভেটর) দিয়ে কাজের উদ্বোধন করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। গতকাল বুধবার পৌর কার্যালয়ে এ উপলক্ষে অনুষ্ঠান হয়।

২০০১ সালে পৌরসভাটি প্রতিষ্ঠিত হয়। এর ১৭ বছরের মাথায় গত ৮ মে এখানে নির্বাচন হয়। এরপর মন্ত্রী পৌরসভার কার্যালয় পরিদর্শনে গেলেন।

পৌরসভার মেয়র আবদুস শুকুর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে অন্যদের মধ্যে বিয়ানীবাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মু. আসাদুজ্জামান, ব্যবসায়ী মতিউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুল আহাদ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি এবাদ আহমদ বক্তব্য দেন।

বিয়ানীবাজার শিক্ষামন্ত্রীর নির্বাচনী এলাকা। তাঁর প্রচেষ্টায়ই এ পৌরসভা প্রতিষ্ঠিত হয়। ১৮ দশমিক ১৭ বর্গকিলোমিটার আয়তনের পৌরসভাটিতে আইনি জটিলতার কারণে এত দিন নির্বাচন হয়নি। পরে উচ্চ আদালতের নির্দেশে নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। সে অনুযায়ী ২৫ এপ্রিল ভোট গ্রহণ করা হয়। এর মধ্যে একটি ওয়ার্ডে ভোট স্থগিত হওয়ায় গত ৮ মে পুনর্নির্বাচন হয়। শেষে মেয়র পদের ফল ঘোষণা করা হয়। মেয়র পদে আটজন প্রতিদ্বন্দ্বিতা করেন। জয়ী হন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবদুস শুকুর।