পৌরসভা ও ইউপি নির্বাচনে একক প্রার্থী দেবে আ.লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদে কেন্দ্রীয়ভাবে আওয়ামী লীগের প্রার্থী মনোনয়ন দেওয়া হবে। এ ক্ষেত্রে একাধিক প্রার্থী থাকলে একজনকে মনোনয়ন দেওয়া হবে, বাকিদের স্থানীয় কমিটিতে পদ দেওয়া হবে। ইউনিয়ন পরিষদ নির্বাচনেও আওয়ামী লীগ স্থানীয়ভাবে সমঝোতার ভিত্তিতে প্রার্থী মনোনয়ন দেওয়ার উদ্যোগ নেবে।গতকাল শনিবার সকালে আওয়ামী লীগের সভানেত্রীর ধানমন্ডির কার্যালয়ে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় এ সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেন দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। সূত্র জানায়, সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতারা বিদ্যুৎ-গ্যাসসংকট, আইনশৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নানা অপকর্মের বিষয়ে বক্তব্য দেন। একই সঙ্গে আসন্ন পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন, আওয়ামী লীগের সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়েও বিস্তারিত আলোচনা হয়। সকাল ১১টা থেকে শুরু হয়ে বেলা পৌনে তিনটা পর্যন্ত একটানা সভা চলে।সভায় ১৮ অক্টোবর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের জন্মদিন, আগামী ৩ নভেম্বর জেলহত্যা দিবস ও ১৬ ডিসেম্বর বিজয় দিবসের দলীয় কর্মসূচি চূড়ান্ত করা হয়েছে। সভায় অংশ নেওয়া একজন নেতা জানান, শেখ হাসিনা গতকাল খুব বেশি কথা বলেননি। তিনি নেতাদের বক্তব্যের উল্লেখযোগ্য বিষয় টুকে (নোট) নিয়েছেন। সভার শুরুতে সৈয়দ আশরাফ ওয়াল স্ট্রিট জার্নাল, বিশ্বব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বিভিন্ন তথ্য উত্থাপন করে বলেন, দেশের অর্থনৈতিক অবস্থা এখন মজবুত। এ অবস্থায় আওয়ামী লীগকে আরও সক্রিয়ভাবে কাজ করতে হবে।স্থানীয় সরকার নির্বাচন দলীয়ভাবে করার পক্ষে আওয়ামী লীগ: সাবেক সাংগঠনিক সম্পাদক আকতারুজ্জামান আসন্ন ঢাকা সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে রাজধানী ঢাকার সংগঠনকে শক্তিশালী, ওয়ার্ড-থানার সাংগঠনিক কার্যক্রম তদারকির জন্য কেন্দ্রীয় নেতাদের দায়িত্ব দেওয়ার পরামর্শ দেন। তিনি নগরে মানুষের দুর্ভোগ কমাতে ওয়েলফেয়ার সিটিজেন পদ্ধতি চালুর প্রস্তাব করেন। আ ফ ম বাহাউদ্দিন নাছিম বরিশাল বিভাগের সাংগঠনিক চিত্র তুলে ধরে বলেন, পুরোনো কমিটি দিয়ে হবে না, নতুন করে সম্মেলন করতে হবে। সভা শেষে আসন্ন পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের বিষয়ে দলের সাধারণ সম্পাদক সাংবাদিকদের বলেন, ‘এসব নির্বাচন দলের অধীনে করা উচিত। কিন্তু বর্তমান আইন ও সংবিধান অনুযায়ী এটা সম্ভব নয়। আমরা নেতা-কর্মীদের অনুরোধ করেছি স্থানীয়ভাবে যেন একজন প্রার্থী হয়। আর আমরা আগামী সপ্তাহে নির্বাচন কমিশনে যাব। সেখানে পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সীমা নিয়ে আলোচনা করব।’ বিদ্যুৎসংকট, দ্রব্যমূল্য নিয়ে সোচ্চার কেন্দ্রীয় কমিটির নেতারা: সভার সূত্র জানায়, নেতারা বিদ্যুৎ-গ্যাসসংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে কথা বলেন। এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানান। একজন নেতা বলেন, বিদ্যুৎ ও গ্যাসসংকট এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সরকারের ভাবমূর্তির জন্য খারাপ হচ্ছে। আবার অনেক ক্ষেত্রে মন্ত্রী, সংসদীয় কমিটির সভাপতি ও উপদেষ্টাদের মধ্যে দ্বন্দ্ব আছে। এটাও সরকারের জন্য খারাপ।একজন নেতা বলেন, একজন উপদেষ্টা (স্বাস্থ্য উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী) প্রকাশ্যে দলীয়ভাবে লোক নিয়োগের কথা বলে সরকারকে বিব্রতকর অবস্থার মধ্যে ফেলে দিয়েছেন। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে, সরকারের অর্জনগুলো ম্লান হয়ে যাচ্ছে।সংবাদ ব্রিফিংয়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয়ে এক প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ বলেন, ‘দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আছে। এটা যেন ক্রয়ক্ষমতার মধ্যে থাকে, সে জন্য সরকার অবিরাম কাজ করে যাচ্ছে এবং যাবে। আন্তর্জাতিক বাজারে দাম একদিন বাড়ে, একদিন কমে। তেমনি দেশের বাজারেও দাম কমে-বাড়ে। এক-দুই দিনের মধ্যে দাম বাড়লে সেটাকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বলা যায় না। একটি বড় সময় ধরে যদি দাম বাড়তে থাকে তাহলেই বলা যাবে দ্রব্যমূল্য বেড়েছে।’নেতা-কর্মীদের অপকর্মের সমালোচনা: সভায় কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ নাসিম বলেন, ‘ছাত্রলীগ-যুবলীগের অপকর্ম বন্ধ করতে হবে। আমরা যখন রাসেল স্কয়ারে আন্দোলন করতাম, তখন তো এত নেতা-কর্মী দেখিনি। এখন এত নেতা-কর্মী আসে কোত্থেকে! এসব নব্য আওয়ামী লীগার ও ছাত্রলীগারদের রুখতে হবে।’ আরেকজন নেতা বলেন, ছাত্রলীগ-যুবলীগের নামধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নিতে হবে। নইলে তা দলের জন্য ক্ষতিকর হবে।একজন নেতা বলেন, গণমাধ্যমের সঙ্গে আওয়ামী লীগের সুসম্পর্ক রাখতে হবে। সম্প্রতি জাতীয় সংসদে গণমাধ্যম নিয়ে যেসব কথা বলা হয়েছে, এটা ঠিক হয়নি। আবদুল মতিন খসরু এ বক্তব্য সমর্থন করেন।আরেক নেতা বলেন, সারা দেশে দলকে পুনর্গঠন না করলে আওয়ামী লীগ নামধারী নব্যদের ঠেকানো যাবে না।সূত্র জানায়, প্রধানমন্ত্রীও সভায় বলেছেন, নানা জায়গায় নব্য আওয়ামী লীগাররা সমস্যা করছে। অনেক সাংসদও নানা জায়গায় দলের জন্য ক্ষতিকর কাজ করেছেন। এদের নজরদারিতে রাখা হয়েছে। পরবর্তী সময়ে দলীয় মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে এসব বিবেচনা করা হবে।সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, নেতা-কর্মীদের সম্পর্কে সমালোচনা শুনে অধৈর্য হলে চলবে না। আমরা কাউকেই ছাড় দিচ্ছি না। দেশ চালাতে গেলে আলোচনা-সমালোচনা থাকবেই।তৃণমূলের সঙ্গে কথা বলবেন শেখ হাসিনা: সৈয়দ আশরাফ জানান, আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি সাংগঠনিক জেলার কার্যনির্বাহী কমিটি ও উপজেলা কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকদের সঙ্গে বৈঠক করবেন। কক্সবাজার জেলা দিয়ে এই বৈঠক শুরু হবে। এরপর তিন পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান এবং এগুলোর উপজেলার নেতা-কর্মীদের সঙ্গে কথা বলবেন তিনি। এরপর পর্যায়ক্রমে বাকি জেলা-উপজেলার নেতাদের সঙ্গে বসবেন তিনি। এসব বৈঠকে সাংগঠনিক, আইনশৃঙ্খলা পরিস্থিতি, ভবিষ্যতে দল কী করতে পারে—এসব বিষয়ে আলোচনা করা হবে।সাংগঠনিক অন্যান্য সিদ্ধান্ত: সূত্র জানায়, প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকদের তৃণমূলে সফর করার নির্দেশ দিয়েছেন। এ ক্ষেত্রে কেবল জেলা পর্যায় পর্যন্ত নয়, ইউনিয়নে-ইউনিয়নে গিয়ে সংগঠনের অবস্থা সম্পর্কে খোঁজখবর নিতে বলেছেন। সভায় রংপুর বিভাগ করার কারণে সেখানকার আওয়ামী লীগের সংগঠনকে দুই ভাগে ভাগ করার সিদ্ধান্ত হয়েছে। রংপুর জেলা আওয়ামী লীগকে দুই ভাগ করে মহানগর ও জেলা কমিটি করা হবে। সভায় আওয়ামী লীগের মৌলভীবাজার জেলা কমিটির অনুমোদন দেওয়া হয়। এ ছাড়া শিগগির সাবেক ছাত্রনেতাদের নিয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক বা উপকমিটিগুলো গঠনের সিদ্ধান্ত হয়।ব্রিফিংয়ে সৈয়দ আশরাফ বলেন, সামনে পৌরসভা ও ইউনিয়ন পরিষদের নির্বাচন। এ জন্য দলের সম্মেলনের কর্মসূচি পিছিয়ে যাবে। আগামী ডিসেম্বর ও জানুয়ারি মাসে নির্বাচন শেষ হওয়ার পর তৃণমূল পর্যায়ে ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ও জেলা সম্মেলন করা হবে। এ ছাড়া সদস্য সংগ্রহ অভিযান জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে।সৈয়দ আশরাফ বলেন, মানবতাবিরোধী অপরাধের বিচারের বিষয়েও সভায় আলোচনা হয়েছে। এই বিচারপ্রক্রিয়া ত্বরান্বিত করার বিষয়ে কথা হয়েছে। মানবতাবিরোধীদের যখনই পাওয়া যাবে, যেখানেই পাওয়া যাবে, তাদের বিচারের সম্মুখীন করা হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানান, কয়েক মাসের মধ্যে সাতটি বিভাগে সাতটি মহাসমাবেশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।