পৌরসভা ও প্রশাসনের কানামাছি খেলা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানে ফায়ার সার্ভিস স্টেশনকে (দমকল বাহিনীর দপ্তর) ঝুঁকিতে ফেলে আওয়ামী লীগ নেতার অবৈধ পাঁচতলা ভবন নির্মাণ নিয়ে পৌরসভা ও প্রশাসন কানামাছি খেলা খেলছে বলে অভিযোগ পাওয়া গেছে। সম্পূর্ণ অবৈধ এ ভবন নির্মাণ বন্ধ রাখার জন্য তারা একদিকে আওয়ামী লীগ নেতাকে নোটিশ দিচ্ছে, অপরদিকে প্রকৌশলীরা ভবন দ্রুত নির্মাণ শেষ করার জন্য গোপনে পরামর্শও দিয়ে আসছেন বলে ফায়ার ব্রিগেড ও সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে। পৌরসভার নির্বাহী প্রকৌশলী মংসুই খই মারমা ভবন নির্মাণে গোপন পরামর্শ দেওয়ার কথা অস্বীকার করে বলেছেন, মো. ইসহাককে (আওয়ামী লীগের জেলা সহসভাপতি) কাজ বন্ধ রেখে তিন দিনের মধ্যে জমির দলিলসহ ভবন নির্মাণের কাগজপত্র দাখিল করার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল। ১ জুলাই দেওয়া নির্দেশের পর তিনি এখনো কোনো দলিল জমা দেননি এবং তাঁর কাছে কোনো কাগজপত্র না থাকার কথা তাঁরা জানতে পেরেছেন বলে নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন। গতকাল রোববার সরেজমিনে দেখা গেছে, ফায়ার সার্ভিস দপ্তরসংলগ্ন জমিতে ভবন নির্মাণের কাজ চলছে। ফায়ার ব্রিগেডের স্টেশন কর্মকর্তা আবদুল কাদের বলেছেন, মে মাসের শেষের দিকে নির্মাণকাজ শুরু হওয়ার পর আর কাজ বন্ধ হয়নি। তিনি বলেন, ইমারত নির্মাণ আইনসহ সরকারি সব বিধিবিধান লঙ্ঘন করে এবং ফায়ার ব্রিগেড স্টেশনটি ঝুঁকিতে ফেলে ভবন নির্মাণের ব্যাপারে তারা জেলা প্রশাসকের কাছে অভিযোগ দেওয়ার পরও নির্মাণকাজ চলছে। ইসহাকের কাজের তত্ত্বাবধানকারী মো. আশ্রাফ বলেছেন, পৌরসভা থেকে কাজ বন্ধের নোটিশ দেওয়া হয়েছে। কিন্তু প্রশাসন জমি পরিমাপ করে জমিটি সঠিক এবং কিছু অংশ ফায়ার ব্রিগেড দখল করেছে বলে জানিয়েছে। পৌরসভার প্রকৌশলীরা দ্রুত নির্মাণকাজ শেষ করতে বলেছেন। এ জন্য তাঁরা নির্মাণকাজ করছেন। জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. ইসহাক নোটিশ পাওয়ার কথা স্বীকার করে বলেছেন, পৌরসভা তাঁর সঙ্গে হয়রানিমূলক আচরণ করছে। তিনি ভবন ও নকশা অনুমোদনের জন্য আবেদন করেছেন। কিন্তু পৌরসভা অনুমোদন না দিয়ে নানা যুক্তি খাড়া করছে। ফায়ার ব্রিগেড ও পৌরসভার নাম প্রকাশে অনিচ্ছুক অনেক কর্মকর্তা-কর্মচারী ক্ষোভ প্রকাশ করে বলেছেন, পৌরসভা ও প্রশাসন নির্মাণকাজ বন্ধ রাখার নোটিশ দিয়েও অবৈধ ভবন খুঁজে পাচ্ছে না। এটি রহস্যজনক বলে তাঁরা মন্তব্য করেন। পৌরসভা মেয়র জাবেদ রেজা ভবন ও নকশা অনুমোদনের আবেদনের ব্যাপারে ইসহাকের দাবি সঠিক নয় উল্লেখ করে বলেছেন, তাঁকে চূড়ান্ত নোটিশ দেওয়া হয়েছে। এখন আর কোনো নোটিশ দেওয়া হবে না। এখন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে নির্মাণাধীন ভবন ভেঙে অপসারণ করা ছাড়া অন্য কোনো উপায় নেই।