পৌরসভা নির্বাচনে নতুন দলের সুযোগ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ বলেছেন, ‘পৌরসভা নির্বাচন করার জন্য আইনের অপেক্ষায় আছি। সময় কম পাওয়া যাবে। এ জন্য দ্রুত কাজ করতে হবে। সে মোতাবেক বিধি সংশোধনের কাজ এগিয়ে নেওয়ার চেষ্টা চলছে।’
গতকাল মঙ্গলবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক ও কাউন্সিলরদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভা শেষে সিইসি এসব কথা বলেন। আগারগাঁওয়ের জাতীয় অর্থনৈতিক কাউন্সিলের সম্মেলন কক্ষে এই সভা হয়। আসন্ন পৌরসভা নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়ার জন্য নতুন কোনো দলকে নিবন্ধিত করা হবে না জানিয়ে সিইসি বলেন, হাতে সময় কম।
সম্প্রতি মন্ত্রিসভা দলীয় পরিচয় ও প্রতীকে সব ধরনের স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের প্রস্তাব অনুমোদন করেছে। আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনের বাধ্যবাধকতা থাকায় পৌরসভা আইনটি অধ্যাদেশ আকারে জারির সিদ্ধান্ত হয়। তবে এখনো অধ্যাদেশ জারি হয়নি। প্রস্তাবিত আইনে গণপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী নিবন্ধিত ৪০টি রাজনৈতিক দলের প্রার্থীরা দলীয় প্রতীক নিয়ে নির্বাচন করতে পারবেন।