পৌরসভা নির্বাচনের দাবিতে ঘেরাও, অবস্থান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অবিলম্বে পৌরসভা নির্বাচনের দাবিতে গতকাল মঙ্গলবার বিক্ষুব্ধ জনতা পৌরসভা কার্যালয় ঘেরাও করেন। পরে তাঁরা এই কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। দাবি আদায়ে আগামী ১৫ অক্টোবর উপজেলা প্রশাসনের কার্যালয় ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করা হয়।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, পূর্বনির্ধারিত ঘেরাও কর্মসূচি সফল করতে সকাল থেকেই পৌর এলাকার নয়টি ওয়ার্ড থেকে লোকজন ব্যানারসহ খণ্ড খণ্ড মিছিল নিয়ে পৌরসভা কার্যালয়ের সামনে হাজির হতে থাকেন। এ সময় পৌরসভা কার্যালয়ের প্রধান ফটক বন্ধ করে দেয় পৌর কর্তৃপক্ষ। পরে ক্ষুব্ধ জনতা পৌরসভা কার্যালয়ের সামনে বসে পড়েন। সেখানে তাঁরা সকাল নয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় নাগরিক সংগ্রাম পরিষদের আহ্বায়ক ও পৌর আওয়ামী লীগের আহ্বায়ক শফিকুল ইসলামের সভাপতিত্বে স্থানীয় নয়টি ওয়ার্ডের নেতারা বক্তব্য দেন।
মো. শফিকুল ইসলাম জানান, অবিলম্বে পৌরসভা নির্বাচনের তারিখ ঘোষণার দাবিতে ১৫ অক্টোবর উপজেলা প্রশাসনের কার্যালয় ঘেরাও করা হবে। প্রয়োজনে লাগাতার হরতালসহ সব ধরনের কর (ট্যাক্স) প্রদান বন্ধ করে দেওয়া হবে।