সদ্য সমাপ্ত পৌরসভা নির্বাচনের ফল ক্ষমতাসীন মহাজোটের জন্য ‘অশনি সংকেত’ বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। তিনি বলেন, এ পরিস্থিতি থেকে উত্তরণে মহাজোটের মধ্যে ঐক্য ও সম্পর্ক আরও শক্তিশালী করতে হবে। সেই সঙ্গে যেকোনো মূল্যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, সন্ত্রাস, চাঁদাবাজি ও টেন্ডারবাজি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নসহ সরকার পরিচালনায় সরকারকে সচেতন হতে হবে।গতকাল বৃহস্পতিবার পৌরসভা নির্বাচনের ফল মূল্যায়ন করে দেওয়া এক বিবৃতিতে সাবেক রাষ্ট্রপতি এরশাদ এসব কথা বলেন। তিনি বলেন, মহাজোটের মাধ্যমে পৌর নির্বাচন করে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে জাতীয় পার্টি। এরশাদ বলেন, যেসব পৌরসভায় মহাজোট-সমর্থিত প্রার্থী পরাজিত হয়েছেন, তার অধিকাংশতেই দলীয় বিদ্রোহী প্রার্থী ছিলেন। স্থানীয় সরকার নির্বাচনে যে দলীয় সিদ্ধান্ত কার্যকর করা সম্ভব হয় না, তা আবারও প্রমাণিত হয়েছে। তিনি বলেন, স্থানীয় সরকার-ব্যবস্থার নির্বাচন সম্পূর্ণ নির্দলীয় হওয়াই বাঞ্ছনীয়। এখানে দলীয়ভাবে নির্বাচনে আইনগত বাধাও আছে। তিনি আরও বলেন, এই নির্বাচনে মহাজোটের আশানুরূপ ফল না করতে পারার আরেকটি কারণ হলো দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি। নির্বাচনে এর প্রভাব পড়েছে।