পৌরসভা নির্বাচনের ফলাফলে সরকারের জনপ্রিয়তা কমেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৌরসভা নির্বাচনের ফলাফলে সরকারের জনপ্রিয়তার কোনো কমতি হয়নি বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হয়েছে।গতকাল বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামের পাশে জিমনেসিয়ামে পোশাকশিল্পের প্রদর্শনী ‘কাফেক্সপো-২০১১’-এর উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সৈয়দ আশরাফ এ কথা বলেন। সৈয়দ আশরাফ বলেন, সরকারের অনেক উন্নয়নকাজ এখনো দৃশ্যমান নয়। সময়মতো জনগণ সরকারের উন্নয়নকাজের প্রকাশ দেখতে পাবে। কারণ সরকার প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করে যাচ্ছে। দুই বছরের মধ্যে দেশের মোট ৯৮ শতাংশ জ্বালানি চাহিদা পূরণ করা সম্ভব হবে।তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ চট্টগ্রামে নবমবারের মতো এ প্রদর্শনীর আয়োজন করেছে। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) মেয়র মোহাম্মদ মন্জুর আলম, পাট ও বস্ত্র মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আখতারুজ্জামান চৌধুরী বাবু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজিএমইএর সভাপতি আবদুস সালাম মুর্শেদী। স্বাগত বক্তব্য দেন বিজিএমইএর প্রথম সহসভাপতি নাসির উদ্দিন চৌধুরী।অনুষ্ঠানে সালাম মুর্শেদী বলেন, গত দুই বছরে ৫০টি নতুন শিল্পপ্রতিষ্ঠান দুই হাজার কোটি টাকার যন্ত্রাংশ আমদানি করেছে। কিন্তু গ্যাস-বিদ্যুতের সংযোগ পায়নি। গত বছর গ্যাস-বিদ্যুতের সমস্যার কারণে দুই হাজার কোটি এবং বন্দর সমস্যার কারণে ৯০০ কোটি টাকার পণ্য বিমানে রপ্তানি করতে হয়েছে। প্রদর্শনীতে ৫৫টি স্টলে ৩২টি প্রতিষ্ঠান তাদের উৎপাদিত পণ্য নিয়ে অংশ নিয়েছে।