পৌরসভা নির্বাচনের ব্যালট আদালতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ২৪ মার্চ অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভা নির্বাচনের ব্যালট ও আনুষঙ্গিক কাগজপত্র নির্বাচনী ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়েছে। আদালতের নির্দেশে গত বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা নির্বাচন কার্যালয়ের কর্মকর্তারা জেলা প্রশাসকের কার্যালয়ের মালখানা থেকে ব্যালটভর্তি ১৮টি বস্তা, নির্বাচনসংশ্লিষ্ট অন্যান্য কাগজপত্র নির্বাচনী ট্রাইব্যুনাল ও যুগ্ম জেলা জজ-১ আদালতে পৌঁছে দেন। আদালতের সেরেস্তাদার নাসির উদ্দিন সিলগালা অবস্থায় বস্তাগুলো গ্রহণ করেন।ঝালকাঠি পৌর নির্বাচনে পরাজিত প্রার্থী লিয়াকত আলী তালুকদার গত ২৮ এপ্রিল নির্বাচনী ট্রাইব্যুনালে একটি মামলা করেন। মামলায় নির্বাচিত মেয়র আফজাল হোসেনকে এক নম্বর বিবাদী এবং মেয়র পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী অনাদী দাস, আবু জাহিদ জিয়াউল হক, মকবুল হোসেন আকন, আইয়ুব আলী তালুকদার, পৌরসভার ১৮টি কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা এবং রিটার্নিং কর্মকর্তাসহ মোট ২৪ জনকে বিবাদী করা হয়।মামলায় অভিযোগ করা হয়, নির্বাচনে ব্যবহূত ব্যালট এবং এগুলোর মুড়ির মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে। ভোটার তালিকার ছবির সঙ্গে ভোটারের ছবির মিল না থাকলেও অনেকের ভোট নেওয়া হয়েছে। স্বাক্ষরজ্ঞানসম্পন্ন ভোটারদের ব্যালটে টিপসই নেওয়া হয়েছে। মামলার আরজিতে মেয়রপদে নির্বাচিত আফজাল হোসেনের নামসংবলিত গেজেট বাতিল করে লিয়াকত আলী তালুকদারকে মেয়র ঘোষণার দাবি করা হয়। ৫ মে বাদী পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত নির্বাচনের রিটার্নিং কর্মকর্তাকে নির্বাচনে ব্যবহূত ব্যালট, অব্যবহূত ব্যালট, ব্যালটের মুড়ি, সিল, ভোটার তালিকা, কেন্দ্রভিত্তিক ফলাফল ও চূড়ান্ত ফলাফলের কাগজপত্র আদালতে তলব করা হয়।