পৌরসভা সংশোধন আইনের অধ্যাদেশ জারি
পৌরসভা নির্বাচন দলীয় প্রতীকে করতে স্থানীয় সরকার (পৌরসভা) সংশোধন আইন ২০১৫ অধ্যাদেশ আকারে জারি করা হয়েছে। আজ সোমবার সন্ধ্যায় রাষ্ট্রপতি আবদুল হামিদ এ অধ্যাদেশ জারি করেন। এতে ডিসেম্বরের মধ্যে দলীয় প্রতীকে পৌরসভা নির্বাচন সম্ভব হবে।
স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন আজ রাতে প্রথম আলোকে এ কথা জানান।
গত ১২ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে স্থানীয় সরকারের পাঁচটি প্রতিষ্ঠানের সংশোধন আইন একযোগে অনুমোদন করা হয়। আইনগুলো হচ্ছে—স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) সংশোধন আইন, ২০১৫; উপজেলা পরিষদ (সংশোধন) আইন, ২০১৫; জেলা পরিষদ (সংশোধন) আইন, ২০১৫; স্থানীয় সরকার (পৌরসভা) সংশোধন আইন, ২০১৫ এবং স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন, ২০১৫।
এসব আইনের আওতায় পর্যায়ক্রমে ৩২৩টি পৌরসভা, চার হাজার ৫৫৩টি ইউনিয়ন পরিষদ, ৪৮৮টি উপজেলা, ১১টি সিটি করপোরেশন ও ৬৪টি জেলা পরিষদ নির্বাচন দলীয়ভাবে হবে।