পৌরসভাও কি বিএনপি হারাবে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি নাটোরের সিংড়ার সংসদীয় আসন ও উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ হারিয়েছে। এবার শেষ ভরসা মেয়রের পদটিও কি হারাবে—এ নিয়ে ভোটারদের চায়ের কাপে ব্যাপক আলোচনার ঝড় চলছে।
এখানকার মেয়র হতে মরিয়া নৌকা প্রতীক নিয়ে মো. জান্নাতুল ফেরদৌস ও ধানের শীষ নিয়ে শামীম আল রাজি মো. সিহানুর রহমান। এর মধ্যে জান্নাতুল ফেরদৌস পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদের ঘনিষ্ঠজন। আর শামীম আল রাজি বর্তমান মেয়র, পৌর বিএনপির সভাপতি ও মিউনিসিপ্যাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ম্যাব) মহাসচিব। লড়াইটা ব্যক্তিকেন্দ্রিক নাকি প্রতীকনির্ভর হবে, তা নিয়ে ঘুরপাক খাচ্ছেন পৌরবাসী।
স্বাধীনতার পর ২০০৮ সালে প্রথমবার নাটোর-৩ (সিংড়া) আসনে আওয়ামী লীগের পক্ষে বিজয় ছিনিয়ে আনেন জুনাইদ আহ্মেদ। এরপর সম্প্রতি উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী শফিকুল ইসলাম চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এবার আওয়ামী লীগ নেতা-কর্মীদের দৃষ্টি সিংড়া পৌরসভার দিকে। কারণ, ১৯৯৯ সালে পৌরসভা প্রতিষ্ঠার পর থেকে মেয়র আসনটি দখল করে আছেন সিংড়া পৌর বিএনপির সভাপতি শামীম আল রাজি মো. সিহানুর রহমান। এবারও তিনিই বিএনপির মনোনীত প্রার্থী। তাই বিএনপির শেষ ঘাঁটি দখলে মরিয়া হয়ে উঠেছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। তাঁদের পক্ষ থেকে বলা হচ্ছে, সিংড়ার ছেলে জুনাইদ আহ্মেদ সরকারের একজন প্রতিমন্ত্রী। দলের একজন কেন্দ্রীয় নেতা। পৌরসভায় তাঁর সমর্থিত মেয়র না থাকায় কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। এবার তাঁর ও দলের সমর্থিত প্রার্থীকে জয়যুক্ত করলে সিংড়ায় ব্যাপক উন্নয়ন হবে।
তবে প্রতিপক্ষ নেতা-কর্মীরা এই বক্তব্যের সঙ্গে একমত হতে পারছেন না। উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি আলী আজগর খান বলেন, বর্তমান মেয়র গত ১৬ বছরে সিংড়া শহরের রাস্তাঘাট, শ্মশান-কবরস্থান, কমিউনিটি সেন্টারসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করেছেন। এ ছাড়া তিনি উচ্চশিক্ষিত ও বনেদি পরিবারের সন্তান। তিনিই মেয়র হিসেবে যোগ্য প্রার্থী। তিনি ম্যাবের মহাসচিব হওয়ায় সারা দেশের মেয়রদের নেতৃত্ব দিচ্ছেন।
এই অবস্থায় ভোটাররা প্রতীকের পাশাপাশি প্রার্থীদের ব্যক্তিগত ব্যাপারেও চুলচেরা হিসাব-নিকাশ করছেন। বালুয়াবাসুয়া মহল্লার ওহাব আলী বলেন, পৌর এলাকার জীবনমান উন্নয়নে কে সৎ ও নির্ভীক দায়িত্ব পালন করবেন, তা তাঁরা খতিয়ে দেখছেন। প্রার্থীদের অতীত ও বর্তমান যাচাই করে দেখছেন।
হলফনামা পর্যবেক্ষণ করে দেখা যায়, আওয়ামী লীগের প্রার্থী জান্নাতুল ফেরদৌসের অতীতে রাজনৈতিক নেতৃত্ব দেওয়ার মতো উল্লেখযোগ্য কোনো যোগ্যতা না থাকলেও তিনি জুনাইদ আহ্মেদের ঘনিষ্ঠজন। তাঁর সভা-সমাবেশ ও নির্বাচনে সব সময় তাঁকে প্রতিমন্ত্রীর পাশে থাকতে দেখা গেছে। তিনি বর্তমানে ইটভাটার ব্যবসা করেন। ব্যবসা থেকে তাঁর বার্ষিক আয় ২০ লাখ ৬০ হাজার ৬৭২ টাকা।
জান্নাতুল ফেরদৌসের শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি। বর্তমানে তাঁর নামে কোনো ফৌজদারি মামলা না থাকলেও ২০১০ সালে একটি হত্যা মামলা ছিল। হলফনামায় অস্থাবর সম্পদের বিবরণীতে তাঁর নিজের ৬০ ভরি সোনার গয়না থাকার কথা বলা হয়েছে, যা তিনি উপহার হিসেবে পেয়েছেন বলে উল্লেখ আছে। তবে স্ত্রীর নামে স্বর্ণালংকার না থাকার কথা উল্লেখ করার বিষয়টি এলাকায় আলোচনার ঝড় তুলেছে। কারণ, তাঁর স্ত্রীকে ভারী স্বর্ণালংকার পরে ঘুরতে দেখা যায়। তাঁর স্থাবর সম্পত্তি রয়েছে প্রায় ৭৩ শতক অকৃষিজমি ও একটি ফ্ল্যাট। রুপালী ব্যাংক সিংড়া শাখায় তাঁর পাঁচ লাখ টাকা সিসি (নগদ ঋণ) ঋণ থাকার কথা হলফনামায় উল্লেখ আছে।
জান্নাতুল ফেরদৌস বলেন, ‘ভোটাররা এবার দলীয় প্রতীক ও উন্নয়নকে গুরুত্ব দেবেন। জুনাইদ আহ্মেদ সিংড়ার গৌরব। তাঁর প্রার্থী হিসেবে ভোটাররা আমাকে নৌকা প্রতীকে সমর্থন দেবেন।’ তিনি মনোনয়নপত্রের কিছু ভুলত্রুটি অনিচ্ছাকৃত বলে দাবি করেছেন।
বিএনপির প্রার্থী বর্তমান মেয়র শামীম আল রাজি মো. সিহানুর রহমান রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকাত্তর পাস। তাঁর বিরুদ্ধে বর্তমানে সরকারি কাজে বাধাদান ও আগুন লাগানো-সংক্রান্ত দুটি মামলা বিচারাধীন। পেশায় তিনি একজন কলেজশিক্ষক। তাঁর মেয়রের সম্মানী ভাতা বাবদ ২ লাখ ৪০ হাজার টাকা এবং শিক্ষকতা পেশা থেকে বছরে ২ লাখ ২৫ হাজার ৬০০ টাকা আয় করার কথা হলফনামায় উল্লেখ আছে।
শামীম আল রাজি বলেন, ‘সিংড়া শহর ছিল চলনবিলের মাঝের একটি অনুন্নত জায়গা। গত ১৬ বছরে আমি এর আমূল পরিবর্তন করেছি। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে এলাকাবাসী এবারও আমাকে মেয়র হিসেবে বেছে নেবেন।’