পৌরসভায় নতুন স্কেলে বেতন-ভাতা অনিশ্চিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের ৩২৪টি পৌরসভার প্রায় ৩৫ হাজার কর্মকর্তা-কর্মচারী সরকারি নতুন স্কেলে বেতন-ভাতা পাবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তার মধ্যে আছেন। কারণ, স্থানীয় সরকারের স্বায়ত্তশাসিত এই প্রতিষ্ঠানগুলোর বেতন-ভাতার প্রধান উৎস নিজস্ব আয়। তবে তা সরকারি বেতন স্কেল অনুযায়ী নির্ধারিত হয়। কিন্তু নতুন স্কেলে বেতন-ভাতা দেওয়ার সামর্থ্য অধিকাংশ পৌরসভার নেই।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সূত্র বলেছে, আগের বেতন স্কেল অনুযায়ী পৌরসভাগুলোর কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বাবদ বছরে ব্যয় হতো ৩৫৭ কোটি ১৬ লাখ টাকা। নতুন বেতন স্কেলে তা বেড়ে হয়েছে প্রায় ৭০০ কোটি টাকা, যা আগের তুলনায় দ্বিগুণেরও বেশি। নতুন স্কেলে বেতন পরিশোধ করা দুই শতাধিক পৌরসভার সামর্থ্যের বাইরে।
সূত্র বলেছে, নতুন বেতন স্কেল বাস্তবায়িত হওয়ার আগেও প্রায় ৮৩টি পৌরসভায় কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা নিয়মিত হতো না। এর মধ্যে কোনো কোনো পৌরসভায় ২০ মাস পর্যন্ত বেতন-ভাতা বকেয়া আছে। এ ছাড়া আরও প্রায় ১৪০টি পৌরসভার কোনো না-কোনো খাতে বকেয়া আছে। মাত্র ১০১টি পৌরসভায় বেতন-ভাতা কিংবা অন্য কোনো বকেয়া নেই। এগুলোর আর্থিক অবস্থা যথেষ্ট ভালো। তা সত্ত্বেও এই পৌরসভাগুলোও নতুন স্কেলে নিয়মিত বেতন-ভাতা দিতে হিমশিম খাবে।
পৌরসভাগুলোর কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে মেয়র ও কাউন্সিলর মোট ৪ হাজার ৩৬৪ জন। প্রথম শ্রেণির কর্মকর্তা ৬৯৬ জন। দ্বিতীয় শ্রেণির ৬৬০ এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণির ১০ হাজার ৯৯৮ জন। এ ছাড়া চুক্তিভিত্তিক আছেন ১১ হাজার ৩১৬ জন এবং মাস্টাররোলে (কাজ করলে বেতনভিত্তিক) কাজ করেন ৭ হাজার ৬২৫ জন।
এর মধ্যে চুক্তিভিত্তিক ও মাস্টাররোলে কর্মরত ব্যক্তিরা বেতন স্কেলভুক্ত না হলেও নতুন স্কেল বাস্তবায়নের সঙ্গে সঙ্গে তাঁদের বেতন-ভাতাও বাড়াতে হবে। এ ছাড়া মামলা-মোকদ্দমার কারণে বর্তমানে পাঁচটি পৌরসভার কার্যক্রম যথাযথভাবে পরিচালিত হচ্ছে না। এই পাঁচটি পৌরসভা হচ্ছে গোপালগঞ্জের মুকসুদপুর, চাঁদপুরের নারায়ণপুর, গাইবান্ধার পলাশবাড়ী, পঞ্চগড়ের দেবীগঞ্জ ও রংপুরের পীরগঞ্জ। এগুলোতেও আপাতত বেতন স্কেল কার্যকর করার বাধ্যবাধকতা নেই।
মন্ত্রণালয়ের সূত্র বলেছে, পৌরসভাগুলোর জন্য অনুন্নয়ন খাতে সরকারের বরাদ্দ খুব সামান্য। গত অর্থবছরে (২০১৪-১৫) এই খাতে বরাদ্দ ছিল ১২ কোটি ২৬ লাখ টাকা। এ থেকে প্রথম শ্রেণির পৌরসভাগুলো ৪০ হাজার টাকা, দ্বিতীয় শ্রেণির পৌরসভা ১৮ হাজার ও তৃতীয় শ্রেণির পৌরসভা ১২ হাজার টাকা করে পেয়েছে। পৌরসভাগুলো প্রয়োজনে এই টাকা বেতন-ভাতা খাতে খরচ করতে পারে। তবে প্রয়োজনের তুলনায় এই বরাদ্দ একেবারেই অপ্রতুল।
বিষয়টি সম্পর্কে জানতে চাইলে পৌরসভার মেয়র ও কাউন্সিলরদের সংগঠন বাংলাদেশ পৌরসভা সমিতির (ম্যাব) সভাপতি, পাবনার বেড়া পৌরসভার মেয়র মো. আবদুল বাতেন প্রথম আলোকে বলেন, ‘অধিকাংশ পৌরসভার যে আয়, আর এবার যে হারে বেতন-ভাতা বেড়েছে, তাতে অফিস থেকে পালানো ছাড়া আমাদের উপায় থাকবে না।’
সমিতির সাধারণ সম্পাদক শামীম আল রাজী বলেন, প্রায় ৮০ শতাংশ পৌরসভা নিজস্ব আয় থেকে নতুন স্কেলে বেতন-ভাতা দিতে পারবে না। যে পৌরসভাগুলোর তা দেওয়ার সামর্থ্য আছে, তারা নতুন স্কেলে বেতন-ভাতা দিতে শুরু করলে একটা দ্বৈতাবস্থার সৃষ্টি হবে। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য ম্যাব কিছু সুপারিশ প্রণয়ন করে সরকারের কাছে উপস্থাপন করেছে।
ম্যাবের সুপারিশ সম্পর্কে অভিমত জানতে চাইলে স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ প্রথম আলোকে বলেন, প্রথমে সরকারি সহায়তা বাড়ানো ছাড়া এ ব্যাপারে আর কিছু করার নেই। পরে পর্যায়ক্রমে পৌরসভার আর্থিক ক্ষমতা বাড়াতে হবে।