পৌরসভার ইজারার টাকা লুটপাট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি নিয়ম অনুযায়ী, হাটবাজার ইজারার শতকরা চার ভাগ টাকা মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কল্যাণ তহবিলে জমা দেওয়ার নিয়ম থাকলেও ২০০৮ থেকে ২০১০ সাল পর্যন্ত পাঁচবিবি পৌরসভার বালিঘাটা হাটবাজার ইজারার টাকা থেকে তা জমা দেওয়া হয়নি। শুধু তা-ই নয়, নিয়ম অনুযায়ী ইজারার শতকরা পাঁচ ভাগ টাকা ভূমি ও রাজস্ব খাতে জমা দেওয়ার কথা। ২০১০ সালে ওই টাকাও জমা দেওয়া হয়নি। নিয়ম অনুযায়ী হাটবাজার ইজারার সাত দিনের মধ্যে এসব টাকা জমা দেওয়ার কথা। এ ছাড়া গত তিন বছরের ইজারার টাকার শতকরা ৪৫ ভাগ টাকাও হাটবাজার উন্নয়ন ও রক্ষণাবেক্ষণে ব্যয় হয়নি। পৌরসভার সাবেক মেয়র জেলা আওয়ামী লীগের সভাপতি সামছুল আলম ক্ষমতায় থাকাকালীন এসব টাকা জমা না দেওয়ায় তাঁর বিরুদ্ধে সংসদে অভিযোগ উঠলেও এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। পৌরসভা সূত্রে জানা গেছে, বিগত তিন বছরের বালিঘাটা হাটবাজার ইজারা থেকে মোট আয় হয় দুই কোটি ৪৮ লাখ ৫২ হাজার টাকা; যার শতকরা চার ভাগ হারে মুক্তিযোদ্ধা তহবিলে জমা হওয়ার কথা নয় লাখ ৯৪ হাজার টাকা। ২০১০ সালে ভূমি ও রাজস্ব খাতে পাঁচ লাখ ৮৯ হাজার টাকাও জমা দেওয়া হয়নি। এ ছাড়া বিগত তিন বছরের ইজারার টাকার শতকরা ৪৫ ভাগ অর্থাৎ এক কোটি ১১ লাখ ৮৩ হাজার টাকা হাটবাজার উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ খাতে পুরোপুরি ব্যয় করা হয়নি বলে অভিযোগ উঠেছে। তবে এই সমুদয় টাকা যাত্রী ছাউনি ও অন্যান্য নির্মাণ বাবদ ব্যয় দেখানো হয়েছে। মুক্তিযোদ্ধা কল্যাণ তহবিলের টাকা মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের পরিচালনাধীন সোনালী ব্যাংক, রমনা করপোরেট শাখার সঞ্চয়ী হিসাব নম্বর-১২১০০৩৯৯৭৭২-এ পাঠানোর কথা থাকলেও পৌরসভা সূত্রে জানা গেছে, ওই অর্থ রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে পাঠানো হয়েছে। ফলে চেকটি ফেরত এসেছে। সরেজমিনে দেখা গেছে, পাঁচবিবি বাসস্ট্যান্ডে ছাউনি, ক্যানটিন, দোকান, কাউন্টার নির্মাণ করা হয়েছে। পৌরসভার নথিপত্র থেকে জানা গেছে, এসব স্থাপনা নির্মাণে ব্যয় হয়েছে ১৪ লাখ ৮৭ হাজার টাকা। গত ১৪ ফেব্রুয়ারি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী জাতীয় সংসদে সাংসদ বেগম মাহফুজা মণ্ডলের এ সংক্রান্ত প্রশ্নের জবাবে বলেছেন, বালিঘাটা হাটবাজার ইজারার অর্থ যথাযথভাবে ব্যয় করা হয়নি। পৌরসভার তহবিলে আড়াই লাখ টাকা পাওয়া গেছে। পৌরসভার সহকারী প্রকৌশলী এ টি এম মোস্তাফিজুর রহমান বলেন, গত তিন বছরে মুক্তিযোদ্ধা কল্যাণ তহবিলে ও ২০১০ সালে ভূমি রাজস্ব খাতে কোনো টাকা জমা দেওয়া হয়নি। এসব বিষয়ে জানতে চাইলে সাবেক মেয়র সামছুল আলম কোনো প্রশ্নের জবাব দিতে অপারগতা জানান। বর্তমান মেয়র (গত ১২ জানুয়ারির নির্বাচনে নির্বাচিত) হাবিবুর রহমানের জানান, সাবেক মেয়র পৌরসভায় থাকাকালীন সরকারি বিধিবিধান মানেননি। বর্তমানে ওই সব খাতে টাকা জমা দেওয়ার মতো তহবিল পৌরসভার নেই।