পৌরসভার একি হাল!
কিশোরগঞ্জের ১৪১ বছরের পুরোনো বাজিতপুর পৌরসভা দীর্ঘদিন ধরে উন্নয়নবঞ্চিত ও বৈষম্যের শিকার। ১৮৬৯ সালের ১ এপ্রিল ময়মনসিংহ পৌরসভা গঠনের একদিন আগে বাজিতপুর পৌরসভা প্রতিষ্ঠিত হয়। স্বাধীনতার পর পৌরসভায় কিছু নতুন রাস্তাঘাট নির্মাণ হলেও দীর্ঘদিন এর কোনো উন্নয়নকাজ হয়নি।সরেজমিনে গিয়ে পৌর এলাকা ঘুরে দেখা গেছে, ৩২ কিলোমিটার সড়কের মধ্যে ২০ কিলোমিটার রাস্তা পাকা ছিল। বর্তমানে ১৮ কিলোমিটার রাস্তাই চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ৫ কিলোমিটার কাঁচা সড়কের অবস্থা খুবই শোচনীয়। শীতকালে লোকজন এসব সড়ক দিয়ে কোনোভাবে চলাচল করতে পারে এবং বর্ষা মৌসুমে চলাচল বন্ধ থাকে।পৌরসভা সূত্রে জানা গেছে, দুটি পানির পাম্প হাউস থেকে এক হাজার ২৫০ জন গ্রাহককে পানি সরবরাহ দেওয়া হচ্ছে। অথচ পৌরসভার দুই-তৃতীয়াংশ মানুষ পানি পাওয়া থেকে বঞ্চিত, যার সংখ্যা পাঁচ হাজারের বেশি। পৌরসভার মধ্যে সেতু ও কালভার্ট রয়েছে ১১২টি। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় এগুলোর অধিকাংশই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।পৌরসভায় নালা ব্যবস্থাপনা নেই বললেই চলে। এখানে ২০০ কিলোমিটার পাকা নালার প্রয়োজন। আছে মাত্র ৩২ কিলোমিটার। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় এর অস্তিত্ব নেই। ভারী বৃষ্টি হলে এলাকা প্লাবিত হয়ে যায়। নেই কোনো ডাস্টবিন। আলাউদ্দিন আহমেদসহ একাধিক পৌর কাউন্সিলর জানান, পৌসভার রাস্তাঘাট, নালা ব্যবস্থাপনা ও পানি সরবরাহব্যবস্থা খুবই নাজুক।বাজিতপুর ডিগ্রি কলেজের অধ্যাপক বিমল সরকার বলেন, ‘বৃহত্তর ময়মনসিংহের এটি সবচেয়ে আদি পৌরসভা। বর্তমান সরকারের দুই দফায় পানির পাম্প ও নতুন পৌর ভবন হয়েছে। পৃথিবীর সব দেশেই ইতিহাস-ঐতিহ্যকে লালন করা হয়। বাজিতপুর যেহেতু দেশের অন্যতম আদি পৌরসভা, তাই এর প্রাচীন ঐতিহ্য ও ইতিহাসকে রক্ষা করার স্বার্থে সরকার বিশেষ বরাদ্দ দেবে। এটিকে একটি যৌক্তিক উন্নত পৌরসভায় উন্নীত করা সময়ের দাবি বলে মনে করি।’বাজিতপুর পৌর মেয়র এহেসান কুফিয়া জানান, বাজিতপুর আদি পৌরসভা। বর্তমানে ৯৫ ভাগ রাস্তা সম্পূর্ণ বিধ্বস্ত। এ ছাড়া নালা ও পানি সরবরাহব্যবস্থা অপ্রতুল। সব সড়ককে প্রশস্ত করে বাজিতপুরকে আধুনিক পৌরসভায় উন্নীত করতে হলে ১০০ কোটি টাকার বরাদ্দের প্রয়োজন।