পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীদের কর্মবিরতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের রাজস্ব তহবিল থেকে বেতন ও অবসর ভাতার দাবিতে বিভিন্ন পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা গতকাল বুধবার এক ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন। পৌর কর্মকর্তা-কর্মচারী সমিতির ডাকে বেলা ১১টা থেকে এই কর্মসূচি পালন করা হয়।
কর্মবিরতি চলাকালে পৌর কর্মকর্তা-কর্মচারীরা বলেন, সরকারের বিভিন্ন বিভাগ, দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তরের সব কর্মকর্তা-কর্মচারী রাজস্ব তহবিল থেকে বেতন ও অবসর ভাতা পেয়ে থাকেন। অথচ জনসেবার দায়িত্ব পালনকারী স্থানীয় সরকারের মূল প্রতিষ্ঠান পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও আনুতোষিক পৌরসভার তহবিল থেকে দেওয়া হয়ে থাকে। এতে পৌর কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বেশির ভাগ ক্ষেত্রেই অনিয়মিত হয়। ফলে তাঁরা পরিবার-পরিজন নিয়ে অসহায় ও মানবেতর জীবনযাপন করেন। তাই তাঁরা বেতন-ভাতা সরকারের রাজস্ব তহবিল থেকে দেওয়ার দাবি জানান।
শেরপুরে পৌর ভবনের সামনে সমাবেশ হয়। সেখানে বক্তব্য দেন পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া, আায়োজক সমিতির জেলা সভাপতি আবু লায়েছ মো. বজলুল করিম প্রমুখ। কর্মবিরতি পালনকালে সেবা নিতে আসা মানুষ দুর্ভোগ ও বিপাকে পড়েন।
নালিতাবাড়ী পৌরশহরের উত্তর বাজার কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হয়। সেখানে একাত্মতা প্রকাশ করে বক্তব্য দেন পৌরসভার মেয়র মো. আবু বক্কর সিদ্দিক।
ময়মনসিংহের ভালুকা ও গফরগাঁওসহ সব কটি পৌরসভার কার্যালয়ের সামনে কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি পালন করেন। সেখানে বক্তারা বলেন, তাঁদের দাবি যৌক্তিক। এ দাবি আদায় না হওয়ায় পর্যন্ত আন্দোলন চলবে।
কিশোরগঞ্জ পৌরসভা কার্যালয় চত্বরে কর্মসূচি পালন করা হয়। এতে পৌর কর্মচারী সংসদের সভাপতি সিরাজুল ইসলাম সভাপতিত্ব করেন।
টাঙ্গাইলের সখীপুর, বাসাইল, কালিহাতী ও মির্জাপুর পৌরসভায় কর্মবিরতি পালন করা হয়। মির্জাপুরে বক্তব্য দেন আয়োজক সমিতির ঢাকা বিভাগীয় যুগ্ম সম্পাদক ও মির্জাপুর পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. বাবুল হোসেনসহ অন্যরা।
জামালপুরের সরিষাবাড়ীতে পৌরসভা কার্যালয়ের সামনে কর্মবিরতি পালন করা হয়। সেখানে বক্তব্য দেন সমিতির উপজেলা সভাপতি মনিরুজ্জামান তালুকদার, কার্যসহকারী শাহজাহান আলী, ভান্ডার রক্ষক হুমায়ূন কবীর প্রমুখ।
[প্রতিবেদনটি তৈরিতে তথ্য দিয়েছেন ময়মনসিংহ অফিস, শেরপুর, নালিতাবাড়ী, কিশোরগঞ্জ, সরিষাবাড়ী (জামালপুর) এবং সখীপুর ও মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি]