পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের অর্ধদিবস কর্মবিরতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি কোষাগার থেকে বেতনসহ সব ধরনের আর্থিক সুবিধা দেওয়ার দাবিতে গতকাল সোমবার সুনামগঞ্জ, মৌলভীবাজার, শেরপুর, লক্ষ্মীপুর ও ময়মনসিংহে অর্ধদিবস কর্মবিরতি পালন করেছেন পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:

সুনামগঞ্জ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা সকাল নয়টা থেকে বেলা একটা পর্যন্ত কর্মবিরতি পালন করেন। এতে দুই শতাধিক কর্মকর্তা-কর্মচারী অংশ নেন। এ সময় পৌর ভবনের মুক্তমঞ্চে সভা করেন তাঁরা। এতে সভাপতিত্ব করেন পৌরসভার কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের সভাপতি ও পৌরসভার প্রধান প্রকৌশলী মীর মোশারফ হোসেন। বক্তব্য দেন সংগঠনের সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক কালীকৃষ্ণ পাল, সুনামগঞ্জ পৌরসভা শাখার সাধারণ সম্পাদক আলী হোসেন, সদস্য শামস উদ্দিন, জ্যোতিলাল সরকার, মাহতাব উদ্দিন চৌধুরী, সেলিম উদ্দিন, অঞ্জন চৌধুরী, নিজাম উদ্দিন, ফরিদ আলী, জমসেদ আলী প্রমুখ।

মৌলভীবাজার পৌরসভার কর্মকর্তা–কর্মচারী অ্যাসোসিয়েশনের উদ্যোগে সকাল নয়টা থেকে বেলা একটা পর্যন্ত কর্মবিরতি পালন করা হয়। এ সময় সমাবেশে সভাপতিত্ব করেন পৌরসভা কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের সিলেট বিভাগীয় সভাপতি সৈয়দ নকিবুর রহমান। তাঁদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন পৌরসভার মেয়র ফজলুর রহমান, কাউন্সিলর মনবীর রায়, ফয়সল আহমদ ও জালাল আহমদ। আরও বক্তব্য দেন পৌরসভার সচিব এম আমিনুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী আবুল হোসেন খান, পৌরসভা কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের বিভাগীয় কমিটির সদস্য এ কে এম নুরুজ্জামান, অর্থ সম্পাদক রণধীর রায় প্রমুখ।

শেরপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা সকাল নয়টা থেকে বেলা একটা পর্যন্ত কর্মবিরতি পালন করেন। এ সময় পৌরসভার সব পরিষেবামূলক কার্যক্রম বন্ধ ছিল। এতে সেবা নিতে আসা মানুষ দুর্ভোগ ও বিপাকে পড়েন। বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশন, শেরপুর জেলা শাখার ডাকে এ কর্মসূচি পালিত হয়। পৌর ভবনের সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন আয়োজক সংগঠনের সভাপতি আবু লায়েছ মো. বজলুল করিম ও সাধারণ সম্পাদক মুসলিম উদ্দিন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী দেওয়ান রেজাউল করিম, সহকারী প্রকৌশলী খোরশেদ আলম প্রমুখ।

নালিতাবাড়ী পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা কার্যালয়ের সামনে সকাল নয়টা থেকে বেলা একটা পর্যন্ত কর্মবিরতি পালন করেন। এ সময় পৌরসভার সচিব এ কে এম মোবাশ্বেরুল মঞ্জিলের সভাপতিত্বে বক্তব্য দেন কাউন্সিলর জহুরুল হক, ময়মনসিংহ বিভাগের কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক জমির উদ্দিন, নালিতাবাড়ী কর্মচারী সংসদের সভাপতি আবু সাঈদ মোহাম্মদ শামীম প্রমুখ।

লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা কার্যালয়ের প্রধান ফটকে তালা দিয়ে সকাল ১০টা থেকে চার ঘণ্টা কর্মবিরতি পালন করেন। পৌরসভা চত্বরের সামনে জড়ো হন শতাধিক কর্মকর্তা-কর্মচারী। এ সময় বক্তব্য দেন রায়পুর পৌরসভা কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের সভাপতি মোছলেহ উদ্দিন, সাধারণ সম্পাদক কামরুল হাসান, সচিব আবদুল কাদের, নির্বাহী প্রকৌশলী এ টি এম সাদেক প্রমুখ। এ সময় কার্যালয়ে সেবা নিতে আসা পৌরবাসী ভোগান্তিতে পড়েন।

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌরসভার কর্মকর্তা–কর্মচারীরা সকাল নয়টা থেকে বেলা একটা পর্যন্ত কর্মবিরতি পালন করেন। বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের ডাকে ঈশ্বরগঞ্জ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা ওই কর্মসূচি পালন করেন। এতে উপস্থিত ছিলেন পৌরসভার সচিব কামরুল হক, সহকারী প্রকৌশলী উত্তম কুমার দাস, সংগঠনের সভাপতি আফজাল মাসুদ, সাধারণ সম্পাদক কামাল হোসেন প্রমুখ।

{প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়েছেন সুনামগঞ্জ অফিস এবং মৌলভীবাজার, শেরপুর, নালিতাবাড়ী (শেরপুর), রায়পুর (লক্ষ্মীপুর) ও নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি)}