পৌরসভার কাছে পিডিবির বকেয়া পাঁচ কোটি টাকা
কিশোরগঞ্জে বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) আট কোটি ৫৪ লাখ টাকা বিদ্যুৎ বিল বকেয়া হয়েছে। এর মধ্যে শুধু কিশোরগঞ্জ পৌরসভার কাছেই বিল পাওনা পাঁচ কোটি ২০ লাখ টাকা।
পিডিবির কিশোরগঞ্জ কার্যালয় সূত্র জানায়, ২০০৭ সালের গোড়া থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত কিশোরগঞ্জ পৌরসভার কাছে পিডিবির বিল বাবদ বকেয়া হয়েছে পাঁচ কোটি ২০ লাখ টাকা। এর মধ্যে বিভিন্ন মসজিদ ও মন্দিরে ৫৬ লাখ টাকা এবং আবাসিক গ্রাহকের কাছে ৫৭ লাখ টাকা পাওনা।
এ ছাড়া বন্ধ হওয়া কিশোরগঞ্জ টেক্সটাইল মিলসের কাছে বকেয়া রয়েছে দুই কোটি ২১ লাখ টাকা। তবে আদালতের নিষেধাজ্ঞা থাকায় ওই কারখানা থেকে বকেয়া আদায়ে কোনো পদক্ষেপ নেওয়া সম্ভব হচ্ছে না।
পিডিবির কিশোরগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী উবাইদুল ইসলাম বলেন, ‘কয়েক মাস আগে এখানে যোগ দিয়ে পৌরসভার কাছে বিশাল অঙ্কের বিল বকেয়া হওয়ার বিষয়টি জানতে পারি। এ বকেয়া আদায়ে একাধিকবার তাগাদা দেওয়া হয়েছে। তারা বকেয়া পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছে।’ তিনি বলেন, শহরের আবাসিক বিদ্যুৎ গ্রাহকদের বিল প্রদানের পরিমাণ সন্তোষজনক। প্রতি মাসে আবাসিক গ্রাহকদের এক কোটি ২০ লাখ টাকা বিলের বিপরীতে গড়ে এক কোটি টাকা পাওয়া যায়।
কিশোরগঞ্জ সচেতন নাগরিক কমিটির (সনাক) সহসভাপতি দীপিকা দাস বলেন, প্রথম শ্রেণীর পৌরসভা হলেও কিশোরগঞ্জে নাগরিক সুযোগ-সুবিধা অনেক কম। পৌরসভার কাছে পিডিবির বিশাল অঙ্কের বকেয়া বিল নাগরিকদের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। পৌরসভা দ্রুত সমস্যাটির সমাধান করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
পৌরসভার মেয়র মাজহারুল ইসলাম জানান, পিডিবির দাবি করা বকেয়া বিলের বিষয়ে তাদের কিছুটা আপত্তি রয়েছে। যাহোক কিস্তিতে বকেয়া পরিশোধের উদ্যোগ নেওয়া হয়েছে। জানুয়ারি মাসে ৫০ লাখ টাকা বকেয়া বিল পরিশোধ করা হয়েছে।