পৌরসভার ছয় কেন্দ্রে আবার ভোট গ্রহণের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজারের সাবেক সাংসদ আতাউর রহমানকে দল থেকে বহিষ্কারের দাবিতে মিছিল করেছেন বিএনপির নেতা-কর্মীরা। এ ছাড়া তাঁরা ৬ জুলাই অনুষ্ঠিত আড়াইহাজার পৌরসভা নির্বাচনের ছয়টি ভোটকেন্দ্রে পুনরায় ভোট গ্রহণের দাবি জানান। গতকাল শনিবার সকালে আড়াইহাজার সদরের বাজার থেকে বিএনপির নেতা-কর্মীরা মিছিলটি বের করেন। স্থানীয় লোকজন জানান, মিছিলে আতাউর রহমানকে দল থেকে বহিষ্কারের দাবিতে স্লোগান দেওয়া হয়। এ সময় আড়াইহাজার পৌরসভা নির্বাচনে পরাজিত বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী পারভীন আক্তার উপস্থিত ছিলেন। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, বিএনপির পরিচয়ে রাজনীতি করলেও আতাউর রহমান পৌরসভা নির্বাচনে সরকারদলীয় প্রার্থীর পক্ষে কাজ করেছেন। সুতরাং, তাঁর আর বিএনপি করার কোনো অধিকার নেই। বক্তারা ছয়টি ভোটকেন্দ্রে পুনরায় ভোট গ্রহণের দাবি জানান। তাঁদের অভিযোগ, এসব কেন্দ্রে ভোট গ্রহণ সুষ্ঠু হয়নি। মিছিল-সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির আড়াইহাজার থানার সাধারণ সম্পাদক আবুল কাশেম, আড়াইহাজার পৌরসভার সভাপতি জাহিদ হোসেন প্রমুখ। ৬ জুলাই অনুষ্ঠিত আড়াইহাজার ও গোপালদী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা জয়লাভ করেন।