পৌরসভার জনবলেই চলছে কুমিল্লা সিটি করপোরেশনের কাজ!
জনবল সংকটের কারণে থমকে আছে কুমিল্লা সিটি করপোরেশনের সার্বিক কর্মযজ্ঞ। পৌরসভার জনবল দিয়েই চলছে সিটি করপোরেশনের কাজ। সিটি করপোরেশনের অর্গানোগ্রাম তৈরি করে মন্ত্রণালয়ে একটি প্রস্তাব পাঠানো হলেও সেটি ফেরত এসেছে। ওই কারণে নগরের আট লাখ বাসিন্দা নাগরিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। কুমিল্লা সিটি করপোরেশনের সচিব মো. ছামসুল আলম প্রথম আলোকে জানান, ২০১১ সালের অক্টোবর মাসে কুমিল্লা সিটি করপোরেশনের জন্য লোকবল চেয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে একটি প্রস্তাব পাঠানো হয়। প্রস্তাবিত অর্গানোগ্রামে সিটি করপোরেশনের কাজ পরিচালনার জন্য একটি সাংগঠনিক কাঠামোর কথা উল্লেখ করা হয়। এতে উল্লেখ করা হয়, কুমিল্লা সিটি করপোরেশনের জন্য প্রথম শ্রেণীর কর্মকর্তা ৮৩ জন, দ্বিতীয় শ্রেণীর ৫৪ জন, তৃতীয় শ্রেণীর ৪৪৩ জন এবং চতুর্থ শ্রেণীর ২২৬ জন লোকবল দরকার। চলতি মাসে মন্ত্রণালয় ওই প্রস্তাব ফিরিয়ে দিয়েছে বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কুমিল্লা সিটি করপোরেশনে বর্তমানে ৩৬০টি পদ রয়েছে। এর মধ্যে ২৩৪টি পদই শূন্য। কুমিল্লা জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সফিউল আহমেদ বাবুল বলেন, ২০১১ সালের ১০ জুলাই সিটি করপোরেশন প্রতিষ্ঠা হয়েছে। চলতি বছরের ৫ জানুয়ারি নির্বাচন হয়েছে। নির্বাচিত জনপ্রতিনিধি শপথ নেওয়ার পরও নাগরিক সেবার মান বাড়েনি। সড়কেরও বেহাল দশা। করপোরেশনের জন্য জনবল নিয়োগ করে সেবার মান বাড়াতে হবে।জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইউসুফ জামিল বাবু বলেন, কুমিল্লা সিটি করপোরেশন হলেও নগরে নিয়ন বাতি লাগানো হয়নি। নগরে কুকুরের উপদ্রব বেড়ে গেছে। বাড়ছে মশার উপদ্রবও।নগরের ২৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা খোরশেদ আলম বলেন, সিটি করপোরেশনের দক্ষিণ এলাকায় ১৫৪ কিলোমিটার সড়ক কাঁচা। এসব সড়ক মেরামত করতে হবে।কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মনিরুল হক সাক্কু বলেন, ‘এটি একটি নতুন সিটি করপোরেশন। এখনো প্যানেল মেয়র নির্বাচন করিনি। পদে বসেছি মাত্র ২৪ দিন আগে। সবাই মিলে বসেই সংকট দূর করব। লোকবলের জন্য মন্ত্রণালয়ে চিঠি লিখব। আগের অর্গানোগ্রামের প্রস্তাব দিয়েছিলেন সিটি করপোরেশনের প্রশাসক। এখন নির্বাচিত প্রতিনিধি হিসেবে আমি পাঠাব। নগরবাসীর সেবার মান বাড়ানোর জন্য সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি। ইতিমধ্যে বিভিন্ন সড়কের নির্মাণ ও সংস্কারকাজ শুরু হয়েছে।’প্রসঙ্গত ১৮৬৪ সালে কুমিল্লা পৌরসভা এবং ২০০৩ সালে সদর দক্ষিণ পৌরসভা প্রতিষ্ঠা হয়। ২০১১ সালের ১০ জুলাই ওই দুই পৌরসভাকে একীভূত করে সিটি করপোরেশনে উন্নীত করা হয়। সিটি করপোরেশন হলেও এখন পর্যন্ত সাইনবোর্ড বদল ছাড়া কোনো ধরনের কাঠামো পরিবর্তন হয়নি।