কুমিল্লা সিটি করপোরেশন প্রতিষ্ঠার প্রথম বর্ষপূর্তি আজ। প্রতিষ্ঠার এক বছরেও করপোরেশনের জনবল বাড়ানো হয়নি। এখনো পৌরসভার জনবল দিয়েই সিটি করপোরেশনের কাজ চলছে। নগরবাসীর অভিযোগ, সিটি করপোরেশন হলেও গত এক বছরে সেবার মান বাড়েনি। খানাখন্দে ভরা সড়কেরও কোনো উন্নয়ন হয়নি। যানজট নিরসনে কার্যকর উদ্যোগ দেখা যায়নি। দৃশ্যত নামবদল ছাড়া কোনো পরিবর্তন হয়নি। করপোরেশন সূত্র জানিয়েছে, কুমিল্লা সিটি করপোরেশনের অর্গানোগ্রাম (জনবলকাঠামো) তৈরি করে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হলেও সেটি ফেরত এসেছে। করপোরেশনের কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, কুমিল্লা সিটি করপোরেশনে বর্তমানে ৩৬০টি পদ রয়েছে। এর মধ্যে ২৩৪টি পদই শূন্য। ১২৬ জন জনবল দিয়ে ৫৩ বর্গকিলোমিটার আয়তনের সিটি করপোরেশনের নাগরিক সেবা চলছে। সুশাসনের জন্য নাগরিকের (সুজন) কুমিল্লার সাধারণ সম্পাদক আলী আকবর বলেন, ‘সিটি করপোরেশন প্রতিষ্ঠা হলেও নগরবাসী এখনো কাঙ্ক্ষিত নাগরিক সুযোগ-সুবিধা পায়নি। তবে, নগরের জলাবদ্ধতা নিরসনের জন্য মেয়র নালা পরিষ্কার করেছেন।’ নগরবাসীর সঙ্গে কথা বলে ও সরেজমিনে ঘুরে দেখা গেছে, কুমিল্লা মহানগরের ২৭টি ওয়ার্ডের প্রায় সব সড়কই ক্ষতবিক্ষত। ধর্মপুর চৌমুহনী থেকে রেলস্টেশন সড়ক, বাগিচাগাঁও আবদুর রশিদ সড়ক, দমকল পুকুরপাড় সড়ক, রানীরবাজার ও ঠাকুরপাড়ার সড়কগুলো বেহাল অবস্থায় রয়েছে। জানতে চাইলে কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মনিরুল হক প্রথম আলোকে বলেন, ‘এখনো অর্গানোগ্রাম ঠিক হয়নি। পৌরসভার লোকবল দিয়েই সিটি করপোরেশনের কাজ চালাতে হচ্ছে। তার ওপর রয়েছে অর্থসংকট। নগরবাসীর সেবা দেওয়ার জন্য ইতিমধ্যে ৫০০ কোটি টাকার প্রকল্প মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বর্তমানে মহাপরিকল্পনা প্রণয়নের কাজ চলছে। নতুন সিটি করপোরেশনকে সাজাতে আরও সময় দরকার।’ ২০১১ সালের ১০ জুলাই কুমিল্লা পৌরসভা এবং সদর দক্ষিণ পৌরসভাকে একীভূত করে সিটি করপোরেশনে উন্নীত করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন প্রসঙ্গে কুমিল্লা সিটি করপোরেশনের সচিব মো. ছামছুল আলম বলেন, বর্ষপূর্তিকে কেন্দ্র করে আড়ম্বরপূর্ণ কোনো আনুষ্ঠানিকতা হবে না।