পৌরসভার টাকায় মেয়রের নামে সীমানাপ্রাচীর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাথরঘাটা পৌরসভার লঞ্চঘাট এলাকায় আনোয়ার হোসেন নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের সীমানাপ্রাচীরের নাম নিজের নামে করেছেন পৌর মেয়র। পৌরসভার প্রায় পাঁচ লাখ টাকায় ফটকসহ সীমানাপ্রাচীরটি নির্মাণ করা হয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পাথরঘাটা পৌরসভার লঞ্চঘাট এলাকায় ২০০০ সালে তৎকালীন যোগাযোগমন্ত্রী আনোয়ার হোসেনের (মঞ্জু) নামে নিম্নমাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। পরবর্তী সময়ে ক্ষমতার পালাবদলের পর মেয়র বিদ্যালয়টি নিজের নামে বলে দাবি করেন। ২০০৪ সালে বিদ্যালয়টি এমপিওভুক্ত হয়। খোঁজ নিয়ে জানা গেছে, নির্বাচনী তফসিল ঘোষণার কিছুদিন আগে তড়িঘড়ি করে পাথরঘাটা পৌরসভার নিজস্ব তহবিলের অর্থায়নে ওই বিদ্যালয়ের সামনে বিশাল লোহার ফটক ও চারপাশে ৩৫০ ফুট দীর্ঘ সীমানাপ্রাচীর গড়ে তোলার জন্য দরপত্র আহ্বান করা হয়। সীমানাপ্রাচীর নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে। বর্তমানে লোহার ফটক লাগানোর কাজ চলছে। মেয়র আনোয়ার হোসেন পৌরসভার তহবিল দিয়ে সীমানাপ্রাচীর নির্মাণের বিষয়টি স্বীকার করে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমার নামে হলেও এটা একটি জনকল্যাণমূলক প্রতিষ্ঠান। তাই পৌরসভার অর্থায়নে দরপত্রের মাধ্যমে বিদ্যালয়টির সীমানাপ্রাচীর নির্মাণ করা হয়েছে।’