পৌরসভার দরপত্রে অনিয়মের অভিযোগ হামলায় আহত ৪
রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার সাতটি গ্রুপের মোট ৬৫ লাখ টাকার কাজ ঠিকাদারদের মধ্যে ভাগাভাগির অভিযোগ উঠেছে। এ ঘটনায় বঞ্চিত ঠিকাদারেরা রোববার রাতে পৌর ভবনে হামলা চালায়। এতে তিন পৌর কর্মকর্তা ও একজন কাউন্সিলর আহত হন। আহত কাউন্সিলর মোক্তার হোসেন রাতে এ ঘটনায় চারজনকে আসামি করে বাঘা থানায় একটি মামলা করেন।মোক্তার হোসেন জানান, তিনি আড়ানী পৌর প্রশাসক ও বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে রোববার সকাল সাড়ে ১০টার দিকে পৌর ভবনের একটি কক্ষে অফিসের অন্যান্য কর্মকর্তাদের নিয়ে প্রায় ৫০০ ঠিকাদারের দাখিল করা এক কোটি ৪০ লাখ টাকার বিডি বিতরণ করছিলেন। এ সময় কাজ না পাওয়া ঠিকাদারদের ভাড়াটিয়া চার সন্ত্রাসী এসে দরজার ছিটকানি ভেঙে ঘরে ঢুকে রড ও হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি মারধর শুরু করে। এ সময় কাউন্সিলর মোক্তার হোসেন প্রতিবাদ করলে হামলাকারী আসামি রিপন পকেট থেকে পিস্তল বের করে তাঁকে গুলি করতে উদ্যত হয় এবং প্রত্যেকে মিলে তাঁকে মারাত্মকভাবে জখম করেন। স্থানীয় বঞ্চিত ঠিকাদার মো. তুফান আলী, রাসু, জয়নালসহ অনেকের অভিযোগ, পৌরসভার প্রকৌশলী শহিদুল ইসলামের কথামতো এই এলাকার প্রায় ৭০ জন ঠিকাদার এবার ট্রেড লাইসেন্সের মাধ্যমে পাঁচ শতাংশ কমিশনে একেকটি কাজের জন্য চার হাজার ২০০ টাকা করে ব্যাংক ড্রাফ করেন। সেই আলোকে ৬ মে আড়ানী পৌরসভা থেকে টেন্ডার বাক্স আনা হয় উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষে। সেখানে পৌঁছে প্রকৌশলীসহ পৌর প্রশাসক উল্লেখ করেন, ট্রের্ড লাইসেন্সের মাধ্যমে কাজ পাওয়া যাবে না। যাঁদের আয়করের কাগজপত্রসহ ঠিকাদারি লাইসেন্স নবায়ন করা আছে, কেবল তাঁরাই কাজ পাবেন। এতে স্থানীয় সব ঠিকাদার কাজ পাওয়া থেকে বঞ্চিত হন। পৌরসভার প্রকৌশলী শহিদুল ইসলাম বলেন, অনিয়ম কিংবা কারচুপির কোনো প্রশ্নই ওঠে না। এই কাজকে কেন্দ্র করে তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। পৌর প্রশাসক উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মো. শাহরিয়ার ফিরোজ বলেন, কোনো অনিয়মের মাধ্যমে কাউকে কাজ দেওয়া হয়নি।