পৌরসভার নামে শ্রমিক লীগ নেতার চাঁদা আদায়
বগুড়া পৌর এলাকার ওপর দিয়ে চলাচল করা বিভিন্ন যানবাহন থেকে পৌরসভা কর্তৃপক্ষের নামে অবৈধভাবে চাঁদা আদায় করা হচ্ছে।অভিযোগ উঠেছে, ঈদের আগে পৌরসভার কমপক্ষে ২০টি স্পট (জায়গা) থেকে বগুড়া শহর শ্রমিক লীগের আহ্বায়কের অনুসারীরা এসব চাঁদা তুলছেন।বগুড়া শ্রমিক লীগের আহ্বায়ক আরিফ হোসেনের মালিকানাধীন প্রতিষ্ঠান নাবা এন্টারপ্রাইজ পৌরসভার পক্ষে টোল আদায় করে। কিন্তু ইজারার শর্ত লঙ্ঘন করে বর্তমানে সব ধরনের যানবাহন থেকে অতিরিক্ত অর্থ আদায় করছে প্রতিষ্ঠানটি।তবে আরিফ হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, পৌরসভার দেওয়া নিয়ম অনুযায়ী শুধু তিন ধরনের যানবাহন থেকে টোল আদায় করা হচ্ছে। বগুড়া পৌরসভা সূত্র জানায়, পৌরসভার আয় বৃদ্ধির জন্য শহরে চলাচলকারী সিএনজিচালিত অটোরিকশা, ইজিবাইক ও বেবিট্যাক্সি থেকে দিনে একবার পাঁচ টাকা হারে টোল আদায় করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক পৌরসভার একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ইজারার শর্ত লঙ্ঘন করে নাবা এন্টারপ্রাইজ শহরের চলাচল করা মিনি ট্রাক, পিকআপ, ভটভটিসহ অন্যান্য ছোট যান্ত্রিক বাহন থেকে ২০ টাকা করে চাঁদা আদায় করছে। এসব চাঁদা আদায় করার জন্য তাদের লাঠিয়াল বাহিনী রয়েছে। তারা গাড়ি থামিয়ে চাঁদা আদায় করছে।মেয়র এ কে এম মাহবুবর রহমান বলেন, টোল আদায়কারীরা তিনটি যানবাহনের বাইরে অন্য যানবাহন থেকে টাকা নিলে ব্যবস্থা নেওয়া হবে।