পৌরসভার নৈশপ্রহরীর হাত ভেঙে দিয়েছেন যুবলীগ নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে যুবলীগের নেতা পৌরসভার নৈশপ্রহরীকে পিটিয়ে হাত ভেঙে দিয়েছেন। অনৈতিক কাজের জন্য রাতে পৌরসভার কক্ষ ব্যবহার করার সুযোগ না দেওয়ায় ক্ষুব্ধ যুবলীগের ওই নেতা এ ঘটনা ঘটিয়েছেন। এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।ধুনট পৌরসভার কার্যালয় ও অভিযোগ সূত্রে জানা গেছে, পৌর এলাকার চরপাড়া গ্রামের লোকমান হোসেনের ছেলে এবং পৌরসভার ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বৃহস্পতিবার রাত আটটার দিকে পৌরসভা চত্বরে ঢোকেন। তিনি অনৈতিক কাজের জন্য পৌরসভার নৈশপ্রহরী হায়দার আলীকে (৩৯) একটি কক্ষের তালা খুলে দিতে বলেন। হায়দার এতে রাজি না হওয়ায় নাসির তাঁকে চাকরিচ্যুত করা এবং দেখে নেওয়ার হুমকি দেন। রাতে কর্তব্য পালন শেষে শুক্রবার সকাল আটটার দিকে হায়দারের বাড়ি ফেরার পথে হুকুম আলী বাসস্ট্যান্ডে নাসির লোকজন নিয়ে তাঁকে পিটিয়ে ডান হাত ভেঙে দেন। পরে লোকজন হায়দারকে ধুনট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। যুবলীগের নেতা নাসির বলেন, ‘হায়দারের কাছে আমার ভগ্নিপতি আবদুল খালেকের পাওনা টাকা চাইলে সে আমাকে গালিগালাজ করে। একপর্যায়ে আমার ধাক্কা লেগে হায়দার মাটিতে পড়ে গিয়ে হাতে ব্যথা পেয়েছে।’