পৌরসভার পুকুর দখল করে বসতি স্থাপনকারীদের উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবান জেলা শহরের সিদ্দিকনগরে পৌরসভার পুকুর ও ঝিরি (ছোট পাহাড়ি ছড়া) দখল করে বসতি স্থাপনকারীদের গতকাল শনিবার আবারও উচ্ছেদ করা হয়েছে। ওই এলাকার একমাত্র পানির উৎস দখল পাল্টা-দখলের ঘটনায় সেখানে কয়েক দিন ধরে উত্তেজনা বিরাজ করছিল বলে পুলিশ জানিয়েছে।
সিদ্দিকনগর এলাকাবাসীর অভিযোগ, একটি প্রভাবশালী মহল নেপথ্যে থেকে দরিদ্র কিছু পরিবারকে বসিয়ে দিয়ে ভূমি দখলের চেষ্টা করছে। গত ২৯ নভেম্বরও ওই পরিবারগুলোকে সেখান থেকে উচ্ছেদ করা হয়েছিল বলে পৌরসভার সচিব তৌহিদুল ইসলাম জানিয়েছেন।
এলাকার আসমিন বেগম, বেবী নুর বলেছেন, ভোররাতে ১৫-১৬টি পরিবার এসে পুকুর ও ঝিরির পাড়ে লালশাকের খেত দখল করে বসে যায়।
সরেজমিনে দেখা যায়, পুকুর ও ঝিরির পাড়ের জায়গাটি ভাগাভাগি করে খুঁটি গেড়ে নারী ও শিশুরা অবস্থান করছে। পুরুষদের পাওয়া যায়নি।
রহিমা বেগম, মনোয়ারা ও লিপি আক্তার বলেছেন, তাঁরা ১৫ পরিবার বসবাসের জন্য পৌরসভা ও প্রশাসনের কাছে আবেদন করেছেন। বসবাসের জন্য পৌরসভা ও প্রশাসনের সম্মতি পেয়ে তাঁরা বসতি স্থাপনের জন্য এসেছেন।
পুকুরপাড় ও ঝিরি দখলের ঘটনায় ক্ষুব্ধ হয়ে সিদ্দিকনগরের লোকজনও বাঁশের চিকন লাঠি গেড়ে পুকুরটি ভাগাভাগি করে দখলের চেষ্টা করেন।
রবিউল আলম ও আবুল হোসেন মোল্লা বলেছেন, বাইরে থেকে এসে পুকুরপাড় দখল করা হয়েছে। এ জন্য তাঁরাও পুকুর দখল করছেন। এ পুকুর ও ঝিরি ছাড়া সিদ্দিকনগরে আর কোনো পানির উৎস নেই বলে তাঁরা জানিয়েছেন।
পৌরসভার সচিব তৌহিদুর রহমান বলেছেন, দখলকারীরা পৌরসভা ও প্রশাসনের সম্মতি আছে—এ রকম মিথ্যা কথা বলে পুকুরপাড় ও ঝিরি দখল করেছে। আগেও একবার তাদের উচ্ছেদ করা হয়েছিল।
বান্দরবান উপজেলা নির্বাহী কর্মকর্তা আমির আবদুল্লাহ মোহাম্মদ মঞ্জুরুল করিম ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ বলেছেন, অবৈধভাবে জলাভূমি ও পানির উৎস দখল করা হয়েছে। এ জন্য তাদের উচ্ছেদ করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।