পৌরসভার প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
বান্দরবানের লামা উপজেলা যুবদলের সভাপতি ও পৌরসভার প্যানেল চেয়ারম্যান দিদারুল ইসলাম এক সংখ্যালঘু নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার শিকার ওই নারী দিদারুলের বিরুদ্ধে গত বৃহস্পতিবার নারী ও শিশু নির্যাতন দমন আদালতে মামলা করেছেন।তবে গতকাল শুক্রবার দিদারুল ওই নারীর ভাড়া বাসায় রাতে যাওয়ার কথা স্বীকার করলেও ধর্ষণের অভিযোগ অস্বীকার করে বলেছেন, ওই নারীর সঙ্গে তাঁর কোনো সময় কোনো ধরনের সম্পর্ক ছিল না। তাঁর সুনাম ক্ষুণ্ন করার জন্য ওই নারীকে দিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে।স্থানীয় লোকজন বলেছেন, প্রভাবশালী দিদারুল দীর্ঘদিন ধরে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই নারীকে উত্ত্যক্ত করে আসছিলেন। ক্ষমতার দাপটের কাছে অসহায় ওই নারী ও তাঁর পরিবার মানসম্মানের ভয়ে কিছু বলতে পারেননি। ওই নারীর বাবা বলেছেন, সর্বশেষ গত ৩০ সেপ্টেম্বর রাতে লামা পশ্চিমপাড়ায় দিদারুল ওই নারীর বাসায় যান এবং একা পেয়ে ধর্ষণ করেন। এ সময় তাঁর চিৎকারে এলাকার লোকজন এসে দিদারুলকে ধরে থানায় নিয়ে যায়। মামলার এজাহারেও একইভাবে উল্লেখ করা হয়েছে।ঘটনার শিকার নারী অভিযোগ করেন, তিনি মামলা করতে চাইলে থানা মামলা নেয়নি। এ কারণে জেলা নারী ও শিশু নির্যাতন দমন এবং জেলা ও দায়রা জজ আদালতে মামলা করতে বাধ্য হয়েছেন।উপজেলা চেয়ারম্যান মো. ইসমাইল সামাজিকভাবে বিষয়টি মীমাংসার জন্য তাঁকে থানা থেকে নিয়ে আসার কথা স্বীকার করে বলেছেন, দিদারুল ইসলামের সঙ্গে ওই নারীর চার বছর ধরে সম্পর্ক রয়েছে। থানায় বসে সামাজিক বিচার-মীমাংসা মানবেন বলে দিদারুল লিখিত অঙ্গীকারনামা দিয়েছিলেন। কিন্তু বিচারের সময় তিনি আর আসেননি। এ জন্য তিনি ওই নারীকে মামলা করার পরামর্শ দিয়েছেন।দিদারুল ইসলাম চার বছর ধরে ওই নারীর সঙ্গে সম্পর্ক থাকার কথা লিখিত অঙ্গীকারপত্রে স্বীকার করলেও পরে তা অস্বীকার করে বলেন, তাঁর কাছ থেকে খালি কাগজে স্বাক্ষর নিয়ে কে বা কারা এটি লিখে নিয়েছে বলে তিনি শুনেছেন। খালি কাগজে স্বাক্ষর করেছেন কেন জানতে চাইলে তিনি বলেন, তাঁর বিরুদ্ধে একটি মহল ষড়যন্ত্র করছে। মান-ইজ্জত রক্ষার জন্য তিনি স্বাক্ষর করেছেন। লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইকুল ইসলাম ভূঁইয়া মামলা না নেওয়ার কথা অস্বীকার করে বলেছেন, শত শত লোকজনের ঘেরাও করে রাখা অবস্থায় দিদারুল ইসলামকে ওই নারীর বাসা থেকে থানায় নিয়ে আসা হয়েছিল। কিন্তু ওই নারী মামলা করতে না চাওয়ায় তাঁরা সামাজিক মীমাংসার জন্য উপজেলা চেয়ারম্যান ও পৌরসভা মেয়রের কাছে বিষয়টি মীমাংসর জন্য দিয়েছিলেন।