পৌরসভার বিরুদ্ধে অর্ধকোটি টাকা নেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর পৌরসভায় ব্যাটারিচালিত অটোরিকশার নিবন্ধন ফি আদায়ের নামে অতিরিক্ত প্রায় অর্ধকোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার প্রতিবাদ ও পুরো টাকার রসিদ দেওয়ার দাবিতে অটোরিকশা মালিক-শ্রমিক কল্যাণ সমিতি গতকাল মঙ্গলবার আধা বেলা অটোরিকশা ধর্মঘট পালন করেছে এবং জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে।রংপুর পৌরসভা সূত্রে জানা গেছে, পৌর এলাকায় তিন হাজার ৩০০ অটোরিকশা রয়েছে। প্রতিটি অটোরিকশার কাছ থেকে পে-অর্ডারের মাধ্যমে তিন হাজার টাকা করে নেওয়া হয়। এই টাকার মধ্যে নিবন্ধন ফি বাবদ দেড় হাজার টাকার রসিদ দেওয়া হয়। বাকি দেড় হাজার টাকার মধ্যে পৌরসভার দুস্থ কল্যাণ সমিতির নামে ৫০০ টাকা ও মহানগর শ্রমিক কল্যাণ সমিতির নামে এক হাজার টাকা নেওয়া হয়। এ জন্য কোনো রসিদ দেওয়া হয় না। রসিদ ছাড়া শ্রমিকদের কল্যাণের জন্য এ পর্যন্ত প্রায় ৫০ লাখ টাকা আদায় করা হয়েছে।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলতাফ হোসেন জানান, ব্যাটারিচালিত অটোরিকশার নিবন্ধনের জন্য জমা দেওয়া তিন হাজার টাকারই রসিদ চেয়ে অটোরিকশা মালিক-শ্রমিক কল্যাণ সমিতির নেতারা সোমবার মেয়রের কাছে আবেদন করেন। এ সময় মেয়রের অনুপস্থিতিতে পৌরসভার কর্মচারী ও হকার্স সমিতির সদস্যদের সঙ্গে অটোরিকশা মালিক-শ্রমিক সমিতির ওই নেতাদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে পৌরসভার হকার্স সমিতির লোকজন তাঁদের ধাওয়া করেন এবং পাঁচটি অটোরিকশা ভাঙচুর করেন। অটোরিকশা মালিক-শ্রমিকেরা ক্ষুব্ধ হয়ে ইটপাটকেল নিক্ষেপ করলে পৌরভবনের কয়েকটি জানালার কাচ ভেঙে যায়। এ ঘটনার প্রতিবাদে অটোরিকশা মালিক-শ্রমিক সমিতির পক্ষ থেকে গতকাল সকাল ছয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আধা বেলা ধর্মঘট পালন করা হয়। এ সময় তারা বিক্ষোভ মিছিল বের করে এবং জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয়।স্মারকলিপিতে অভিযোগ করা হয়েছে, ব্যাটারিচালিত অটোরিকশার লাইসেন্স বাবদ পে-অর্ডারের মাধ্যমে তিন হাজার টাকা পৌরসভাকে দেওয়া হয়। কিন্তু পৌরসভার পক্ষ থেকে রসিদ দেওয়া হয় এক হাজার ৫০০ টাকার। আর বাকি টাকার রসিদ দেওয়া হয় না। গত সোমবার দুপুরের দিকে এর প্রতিবাদ করতে গেলে পৌরসভার লোকজন অটোরিকশা মালিক-শ্রমিকদের মারধর ও পাঁচটি অটোরিকশা ভাঙচুর করে।গত সোমবারের ঘটনার জন্য পৌরসভার নির্বাহী কর্মকর্তা আখতার হোসেন বাদী হয়ে গতকাল মঙ্গলবার কোতোয়ালি থানায় একটি মামলা করেছেন। অন্যদিকে পৌরসভা ভবন চত্বরে অটোরিকশা ভাঙচুরের ঘটনায় অটোরিকশা মালিক-শ্রমিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মাহফুজ হোসেন বাদী হয়ে পাল্টা মামলা করেন। অটোরিকশা মালিক সমিতির সাধারণ সম্পাদক মাহফুজ বলেন, ‘তিন হাজার টাকা জমা দেওয়া হলেও পৌরসভা রসিদ দিচ্ছে এক হাজার ৫০০ টাকার। বাকি দেড় হাজার টাকার রসিদ চাইতে গেলে মেয়রের লোকজন আমাদের ওপর হামলা করে।’ পৌর মেয়র এ কে এম আবদুর রউফ বলেন, ‘নিবন্ধনের জন্য তাদের রসিদ দেওয়া হয়েছে। অবশিষ্ট টাকা পৌরসভার দুস্থ ও শ্রমিকদের কল্যাণে ব্যয় করার জন্য নেওয়া হয়। এ কারণে এই টাকার কোনো রসিদ দেওয়া হয় না। তাদের কেউ মারধর করেনি। বরঞ্চ তাঁরাই ইটপাটকেল মেরে পৌর ভবনের ক্ষতি করেছে।’