পৌরসভার ব্যস্ত সড়কে অর্ধশত ঝালাই কারখানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পীরগঞ্জ পৌর এলাকার ব্যস্ত সড়কের দুই পাশে যেখানে-সেখানে প্রায় অর্ধশত ঝালাই কারখানা গড়ে উঠেছে। সড়কের ওপরই ছড়িয়ে-ছিটিয়ে রাখা হয়েছে লোহালক্কড়। রাস্তার পাশে খোলা অবস্থাতেই চলছে ঝালাইয়ের কাজ। লোহালক্কড় মাড়িয়ে ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে পৌর এলাকার বাসিন্দাদের।
চিকিৎসকেরা বলছেন, ঝালাই কারখানার অতিবেগুনি আলোকরশ্মি জনস্বাস্থ্যের জন্যও মারাত্মক হুমকি। এসব ঝালাই কারখানার কোনোটিরই পরিবেশ অধিদপ্তরের অনুমোদন নেই। পৌরসভা থেকে ট্রেড লাইসেন্স সংগ্রহ করেই চালানো হচ্ছে ঝালাইয়ের কাজ।
সরেজমিনে দেখা গেছে, পৌরসভার প্রধান সড়কের সিনেমা চত্বর, থানার সামনে, গুয়াগাঁও মোড়, পৌরসভা মার্কেট, মুন্সিপাড়া মসজিদ মোড়, হাইস্কুল গেট, রেলক্রসিং, সোনালী ব্যাংক, কাজী নজরুল ইসলাম সড়ক, কলেজহাট তেমাথা মোড় থেকে পেট্রলপাম্প পর্যন্ত রাস্তার দুই পাশে প্রায় অর্ধশত ঝালাই কারখানা গড়ে উঠেছে। প্রশিক্ষণ ছাড়াই শিশুদের দিয়ে এসব কারখানায় ঝালাইয়ের কাজ করানো হচ্ছে।
এলাকাবাসী জানান, ঝালাইয়ের কাজ চলছে রাস্তা বা ফুটপাতের ওপর খোলা অবস্থায়। ঝালাইয়ের কাজ করার সময় শ্রমিকেরা হাই প্রটেক্টিভ গ্লাসের সাহায্যে নিজেদের চোখ দুটো ঢেকে রাখছেন ঠিকই, কিন্তু পথচারীরা অতিবেগুনি রশ্মি থেকে পরিত্রাণ পাচ্ছে না। পীরগঞ্জ পৌর শহরের সবুজ ও আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরকারি বালিকা বিদ্যালয়, পাইলট উচ্চবিদ্যালয়, সরকারি কলেজ এবং একাধিক কিন্ডারগার্টেন স্কুলের কয়েক হাজার শিক্ষার্থী প্রতিদিন বিদ্যালয়ে যেতে গিয়ে ভোগান্তির শিকার হচ্ছে।
বঙ্গবন্ধু সড়কের ওষুধ ব্যবসায়ী ইলিয়াস আলী আক্ষেপ করে বলেন, ‘দোকানে বসলেই ঝালাইয়ের রশ্মি চোখে লাগে। পৌরসভায় অভিযোগ করেছি, কিন্তু কোনো কাজ হয়নি।’ মল্লিকপুর গ্রামের কৃষক আবদুস সালাম বলেন, পৌরসভার ব্যস্ত সড়কগুলো দিয়ে স্কুলে যাতায়াত করতে গিয়ে তাঁর মেয়ের চোখের ক্ষতি হয়েছে। এখন তাকে বেশি পাওয়ারের চশমা ব্যবহার করতে হচ্ছে।
পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সোহেল রানা বলেন, ঝালাইয়ের কাজের সময় বিচ্ছুরিত অতিবেগুনি রশ্মি মানুষের চোখের ক্ষতির কারণ হতে পারে। এ রশ্মি চোখের কর্নিয়া নষ্ট করে দিতে পারে। এ জন্য নিরাপদ পরিবেশে ঝালাইয়ের কাজ করা উচিত।
পৌরসভার স্যানিটারি পরিদর্শক মো. নজরুল ইসলাম বলেন, এক বছর আগে পৌর শহরের ঝালাই কারখানার মালিকদের তিনি মৌখিকভাবে নিষেধ করেছিলেন। কিন্তু কেউ কথা শোনেননি। পীরগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র মো. আবদুল খালেক বলেন, বিষয়টি খুবই ভয়াবহ রূপ ধারণ করেছে। মাসিক সভায় বিষয়টি তুলে ধরা হবে এবং সরেজমিনে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।