পৌরসভার রাস্তার ক্ষতিপূরণ মহাসড়ক থেকে আদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়কের ক্ষতিপূরণের নামে শ্যালো ইঞ্জিনচালিত অবৈধ যান নছিমন, করিমন, আলমসাধুসহ অন্যান্য বাহন থেকে টাকা আদায় করছে কুষ্টিয়া পৌরসভা। প্রতিদিন শহরের পাশ দিয়ে যাওয়া তিনটি মহাসড়কের মোড়েও এ টাকা আদায় করা হয়।সরেজমিনে দেখা গেছে, কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের মোল্লাতেঘরিয়া, কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের চৌড়হাস মোড় এবং কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের মঙ্গলবাড়িয়া বাজারে চৌকি বসিয়ে টাকা নেওয়া হচ্ছে। বেশির ভাগ যানবাহন চলাচল করছে সড়ক ও জনপথ বিভাগের মহাসড়ক দিয়ে। অথচ পৌরসভার সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে—এমন দাবি করে দেড় বছর ধরে এ টাকা আদায় চলছে।মঙ্গল ও বুধবার দেখা গেছে, চৌড়হাস মোড়ে আলু হিমাগারের সামনে চৌকি বসিয়ে তিনজন লাঠি হাতে দাঁড়িয়ে আছেন। তাঁদের একজনের মুখে বাঁশি। নছিমন, করিমন, আলমসাধু আসা মাত্রই লাঠি হাতে ছুটে যাচ্ছেন তাঁরা। প্রতিটি যানবাহন থেকে টাকা নিয়ে নির্দিষ্ট টোকেন (১০ টাকা) দিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে। একইভাবে মঙ্গলবাড়িয়া বাজারসংলগ্ন এলাকায় ও মোল্লাতেঘরিয়া থেকেও টাকা আদায় করা হচ্ছে।চৌড়হাস মোড়ে টাকা আদায়কারী আসলাম প্রথম আলোকে জানান, টাকা আদায় করার জন্য দিন হাজিরায় তাঁদের নেওয়া হয়েছে। মনিরুজ্জামান নামের এক ব্যক্তি পৌরসভা থেকে এ কাজ ইজারা নিয়েছেন। প্রতিদিন তিনটি জায়গায় গড়ে ৬০০-৭০০টি যানবাহন থেকে এ টাকা আদায় করা হয়। প্রতিদিনের জন্য একটি গাড়িকে একবারই টাকা দিতে হয়। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন চালক জানান, সব গাড়ি পৌর এলাকায় ঢোকে না। তবু টাকা নেওয়া হয়। বেশি কথা বললে বকাবকি করা হয়।কুষ্টিয়া পৌরসভার সহকারী প্রকৌশলী রবিউল ইসলাম জানান, গত অর্থবছর থেকে এ টাকা আদায় করা হচ্ছে। এ বছরও দরপত্রের মাধ্যমে এক লাখ ৩৩ হাজার টাকায় মনিরুজ্জামান নামের এক ঠিকাদার কাজ পেয়েছেন। পৌর এলাকার মধ্যে যেসব ট্রাক, মিনি ট্রাক, নছিমন ও করিমন ঢুকবে, শুধু তাদের কাছ থেকেই টাকা নিতে পারবে, মহাসড়কে চলাচলকারী যানবাহনের কাছ থেকে টাকা নেওয়ার কথা নয়।পৌরসভার প্যানেল মেয়র মতিয়ার রহমান জানান, রোড ড্যামারেজ চার্জ বাবদ নছিমন-করিমন থেকে টাকা আদায় করা হচ্ছে। যেসব যানবাহন পৌরসভার রাস্তায় চলাচল করবে, শুধু সেগুলো থেকেই টাকা তোলার কথা রয়েছে। এ টাকা নেওয়ার বিষয়টি পৌরসভায় আলোচনার মাধ্যমেই সিদ্ধান্ত হয়েছে।পুলিশ সুপার মফিজ উদ্দিন আহম্মেদ বলেন, সওজের রাস্তায় এটা হচ্ছে। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।