পৌরসভার সম্মানী কলেজের বেতন দুই-ই নেন তিনি
নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভার মেয়র কে এম জাকির হোসেন পৌরসভা থেকে সম্মানী গ্রহণের পাশাপাশি কলেজ থেকে সরকারি বেতন-ভাতাও তুলছেন। সম্প্রতি এ বিষয়ে রাজশাহী বিভাগীয় কমিশনার বরাবর একটি অভিযোগ দেওয়া হয়েছে।অভিযোগে জানা যায়, কে এম জাকির হোসেন মেয়র হিসেবে প্রতি মাসে সরকারি কোষাগার থেকে ১৫ হাজার টাকা করে সম্মানী ভাতা তুলছেন। একই সঙ্গে তিনি বড়াইগ্রাম উপজেলার খলিসাডাঙ্গা কলেজের প্রভাষক হিসেবে প্রতি মাসে বেতনের সরকারি অংশ উত্তোলন করেন। পৌর আইন ২০০৯-এর ৩২(১) ও সম্মানী ভাতা বৃদ্ধি প্রজ্ঞাপন/২০১০-এর ৬ (আ) ধারা লঙ্ঘন করে তিনি এসব সুবিধা গ্রহণ করছেন।এ ছাড়া ব্যক্তিগত ব্যবহারের জন্য মেয়রের কোনো গাড়ি না থাকলেও জাকির হোসেন গাড়ির জ্বালানি বাবদ প্রতি মাসে ১৫০ লিটার পেট্রলের খরচ নিয়ে আসছেন।কে এম জাকির হোসেন মেয়র হিসেবে সম্মানীর পাশাপাশি ও কলেজের শিক্ষক হিসেবে বেতন গ্রহণের কথা স্বীকার করে বলেন, এতে কোনো অনিয়ম হয়নি। জ্বালানি বাবদ খরচ নেওয়ার বিষয়ে তিনি বলেন, পৌরসভার গাড়ি না থাকলেও ব্যক্তিগতভাবে তিনি একটি গাড়ি ব্যবহার করেন। তাই জ্বালানি খরচ নেন।কে এম জাকির হোসেন নাটোর জেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও বিজ্ঞানবিষয়ক সম্পাদক এবং বড়াইগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান সানাউল্লাহ নূর হত্যা মামলার আসামি।