পৌরসভার সাড়ে ৩২ হাজার কর্মচারী বেতন পাচ্ছেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের ৩২৭টি পৌরসভার প্রায় সাড়ে ৩২ হাজার কর্মকর্তা-কর্মচারীর বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবি জানিয়েছে বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশন।

গতকাল শনিবার সংগঠনটির উদ্যোগে ঢাকায় জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংগঠনটির দাবি, এসব কর্মকর্তা-কর্মচারী ২ থেকে ৫২ মাস পর্যন্ত বেতন পাচ্ছেন না।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আবদুল আলিম মোল্যা। তিনি বলেন, বেতন-ভাতা না পেয়ে প্রায় সাড়ে ৩২ হাজার কর্মকর্তা-কর্মচারী ও তাঁদের পরিবারের সদস্যরা মানবেতর জীবন যাপন করছে। এই ঈদেও এসব পরিবারে কোনো আনন্দ নেই। তিনি বলেন, এসব কর্মচারী চাকরি থেকে অবসর নিলেও কোনো পেনশন বা গ্র্যাচুইটি পাচ্ছেন না। ফলে অবসরজীবনেও তাঁদের কঠিন সমস্যার মুখোমুখি হতে হচ্ছে।
আবদুল আলিম বলেন, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও পেনশন-সুবিধা সরকারের রাজস্ব তহবিল হতে দেওয়ার ঘোষণা দেওয়া হলেও তা বাস্তবায়ন হয়নি। সরকার পে-স্কেল ঘোষণা করলেও অনেক পৌরসভায় তা বাস্তবায়ন করা হচ্ছে না।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম, অর্থ সম্পাদক তোফায়েল আহমেদ, নারায়ণগঞ্জের শাখার সাধারণ সম্পাদক আবদুল মতিন প্রমুখ।