পৌরসভার হস্তক্ষেপ বন্ধের দাবি ব্যবসায়ীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা পুরাতন বাজারের ব্যবসায়ী কল্যাণ সমিতির কার্যক্রমে পৌর মেয়রের হস্তক্ষেপ বন্ধ ও ব্যবসায়ীদের নিরাপত্তা চেয়ে গত শনিবার সংবাদ সম্মেলন করেছে সমিতি। এর আগে বাজার সুপারভাইজারকে মারধর ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে পৌর মেয়র ও তাঁর লোকজনের বিরুদ্ধে মামলা করা হয়। গত বৃহস্পতিবার রাতে সমিতির পক্ষ থেকে মামলাটি করা হয়।
সমিতির নেতৃবৃন্দ ও ব্যবসায়ীরা গত শনিবার দুপুরে শহরের আয়েশা প্লাজায় সংবাদ সম্মেলনটি করেন। সমিতির সভাপতি মো. আছাদুজ্জামানের সভাপতিত্বে এতে লিখিত বক্তব্য পাঠ করেন সাধারণ সম্পাদক জিয়াউল হুদা। তিনি বলেন, ১৯৭৩ সাল থেকে বাজারটিতে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর নিরাপত্তার স্বার্থে রাতে পাহারার ব্যবস্থা চালু রেখেছে পরিচালনা কমিটি। বর্তমানে এটি ব্যবসায়ী কল্যাণ সমিতি হিসেবে রূপান্তরিত হয়েছে। এ সমিতির মাধ্যমে ব্যবসায়ীদের কাছ থেকে প্রতি মাসে রসিদের মাধ্যমে টাকা আদায় করে নৈশপ্রহরীদের মাসিক বেতন দেওয়া হয়। কিন্তু পৌর মেয়র মুহাম্মদ ইলিয়াছ গত বছরের ২০ নভেম্বর জেলা প্রশাসকের কাছে এ সমিতির কার্যক্রম বন্ধ করতে অনুরোধ জানিয়ে আবেদন করেন। এ ছাড়া মেয়র ব্যবসায়ীদের কোনো ধরনের টাকা না দিতে বাজারে মাইকিং করেন। এতে করে দেড় মাস ধরে বেতন পাচ্ছেন না বাজারের নৈশপ্রহরীরা।
গত বৃহস্পতিবার সমিতির সুপারভাইজার আবুল কালাম বাজারের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতে নৈশপ্রহরীদের বেতনের টাকা তুলতে গেলে মেয়রের লোকজন তাঁকে মারধর করে ৯ হাজার ৭৫০ টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় সমিতির সাধারণ সম্পাদক মেয়রকে প্রধান আসামি করে পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন।
সংবাদ সম্মেলনে সাধারণ সম্পাদক আরও বলেন, মেয়র বাজারটি নিজের নিয়ন্ত্রণে নিতে বিধিবহির্ভূতভাবে এসব হস্তক্ষেপ করছেন।
এ বিষয়ে মেয়র মুহাম্মদ ইলিয়াছ মুঠোফোনে বলেন, এ বিষয়ে উচ্চ আদালতে একটি রিট করা হয়েছে। বাজার থেকে টাকা আদায়ের অধিকার ব্যবসায়ী সমিতির নেই বলে দাবি করেন তিনি।
সমিতির সভাপতি মো. আছাদুজ্জামান বলেন, বাজারের ব্যবসায়ীদের স্বার্থে বহু আগে এ সমিতি গঠন করা হয়েছে। পৌর কর্তৃপক্ষ এ সমিতির কার্যক্রমে অবৈধ হস্তক্ষেপ করলে আন্দোলনে যাবে ব্যবসায়ীরা।